নাটোর সদরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শরিফুল ইসলাম (৪৮) নামে একজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
বুধবার (৩ জুন) সন্ধ্যার দিকে সদর উপজেলার ছাতনি ইউনিয়নের মদনহাট এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত শরিকুল উপজেলার ছাতনি ইউনিয়নের মদনহাট এলাকার আব্বাস আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে শিশুটিকে ফুচকা খাওয়ানোর লোভ দেখিয়ে পাশে ভুট্টার ক্ষেতে নিয়ে তাকে ধর্ষণ করে শরিফুল। ধর্ষণের পর শরিফুল শিশুটিকে মেরে ফেলার ভয় দেখান যেনো শিশুটি কাউকে কিছু না বলে। কিন্তু শিশুটির অস্বাভাবিক আচরণে পরিবারের লোকজন জিজ্ঞেস করলে পরে শিশুটি সব খুলে বলে। পরে শিশুটি অতিরিক্ত রক্তক্ষরণের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত চিকিৎসার জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার সন্ধ্যায় ঘটনাটি জানাজানি হলে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত শরিফুলকে বাড়ি থেকে বের করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে।
জানা গেছে, ভুক্তভোগী শিশুটির বাবা একজন দিনমজুর। শিশুটির ওপর এমন অমানবিক ও পাশবিক নির্যাতনের ঘটনায় মেয়ের বাবা ও এলাকাবাসী অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
এ বিষয়ে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ সেখানে যায় এবং অভিযুক্ত শরিফুল ইসলামকে আটক করে। শিশুটির পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।



