মালদ্বীপে কর্মরত অভিবাসীদের নামে দ্রুত ব্যাংক হিসাব খুলতে নিয়োগকর্তাদের নতুন নির্দেশ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি দেশটির অভিবাসন কর্মসংস্থান সংক্রান্ত বিধিমালায় সংশোধনীয় আনা হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক এ নতুন নির্দেশনা দেয়া হয়।
সম্প্রতি সংশোধিত বিধিমালা অনুযায়ী, মালদ্বীপে কর্মরত অভিবাসীদের বেতন এখন থেকে অবশ্যই তাদের নিজ নামে খোলা ব্যাংক হিসেবে বা অ্যাকাউন্টে জমা দিতে হবে। এ জন্য ব্যবহার করতে হবে দেশটির কেন্দ্রীয় ব্যাংক মালদ্বীপ মনিটারি অথরিটি (এমএমএ) নিবন্ধিত বা অনুমোদিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।
মালদ্বীপের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্য বলছে, নতুন নির্দেশনায় দেশটির নিয়োগকর্তাদের কোনো ধরনের বিলম্ব না করে অভিবাসীদের নামে ব্যংকিং হিসাব খোলার ব্যবস্থা করতে হবে। একই সাথে শ্রম-সংক্রান্ত যে কোনো বিরোধ তদন্তের ক্ষেত্রে এমএমএ নিবন্ধিত বা অনুমোদিত ব্যাংক হিসাবে জমা দেয়া বেতনকেই বৈধ পরিশোধ হিসেবে বিবেচনা করা হবে বলে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রতিবেদনে আরো বলা হয়, মালদ্বীপে ব্যবসায়িক বা বিশেষ ভিসা ব্যবহার করে ওয়ার্ক পারমিট নেয়ার সুযোগও বন্ধ করেছে সরকার। ব্যবসায়িক বা বিশেষ ভিসায় মালদ্বীপে প্রবেশ করা বিদেশীদের ওই ভিসা ওয়ার্ক ভিসায় পরিবর্তনের অনুমতি দেয়া হবে না।
মালদ্বীপে বিপুলসংখ্যক অভিবাসী কর্মীর কর্মসংস্থান ও অভিবাসন ব্যবস্থাকে নিয়মের মধ্যে আনতেই এসব পদক্ষেপ নেয়ার পাশাপাশি যথাযথ বৈধ কাগজপত্র ছাড়া বসবাস ও কাজ করা অভিবাসীদের বিরুদ্ধেও চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



