বান্দরবানে সীমান্তে মাইন বিস্ফোরণে আহত যুবকের মৃত্যু

সীমান্তের ৪১ নম্বর মেইন পিলারের প্রায় এক কিলোমিটার উত্তর-পশ্চিমে একটি কলাবাগানে কাজ করার সময় মাইন বিস্ফোরণ হলে শফি গুরুতর আহত হন।

মিনারুল হক, বান্দরবান

Location :

Bandarban

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে আহত মো: শফি আলম (৩০) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন।

বুধবার (২৪ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে সীমান্ত সংলগ্ন ভালুকিয়া এলাকায় একটি কলাবাগানে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফি ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী গ্রামের বাসিন্দা এবং মো: হালু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তের ৪১ নম্বর মেইন পিলারের প্রায় এক কিলোমিটার উত্তর-পশ্চিমে একটি কলাবাগানে কাজ করার সময় মাইন বিস্ফোরণ হলে শফি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

সীমান্তে একের পর এক মাইন বিস্ফোরণে হতাহতের ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: এনামুল হাসান বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পর প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিষয়টি খতিয়ে দেখছেন। সীমান্তবর্তী ঝুঁকিপূর্ণ এলাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে।’

উল্লেখ্য, গত দু’মাসে সীমান্তে মাইন বিস্ফোরণের ঘটনায় ছয়জন নিহত হয়েছে।