ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ দুই চিহ্নিত মাদককারবারিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাতে উপজেলার তিলাই ইউনিয়নের কালাচাঁন মোড় সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের মো: ইকবাল জাহিদী মিজু (৩৮) ও তার সহযোগি ভূরুঙ্গামারী ইউনিয়নের কামাত আঙ্গারীয়া গ্রামের মো: নুর আলম (৩৫)।
পুলিশ জানায়, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশের একটি টিম এ মাদকবিরোধী অভিযান চালায়। তিলাই ইউনিয়নের কালাচাঁন মোড় সংলগ্ন মাদককারবারি নুর আলমের বাড়িতে মাদক সেবনরত অবস্থায় মিজুকে আটক করা হয়। এ সময় ১৪৩ পিস ভারতীয় ইয়াবা ও এক গ্রাম হেরোইন পাওয়া যায়। এসব মাদকের আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। এসময় মাদককারবারি মিজু পুলিশ সদস্যদের ওপর আক্রমণ চালিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ সদস্যরা মিজু ও তার সহযোগীকে আটক করতে সক্ষম হয়।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, ‘মিজু চিহ্নিত মাদককারবারি। তিনি মাদক সরবরাহকারী হিসেবে উঠতি বয়সী কিশোরদের কাছে নিয়মিত মাদক পৌঁছে দেন। মিজুকে আটক করা সম্ভব হয়েছে। এতে উপজেলা জুড়ে মাদকের ছড়াছড়ি কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে।’


