কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সুপারি ব্যবসায়ী সেজে অভিযান চালিয়ে ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে মাদক কারবার ও অনলাইন জুয়ার (ক্যাসিনো) সাথে জড়িত থাকার অভিযোগে শিপন রহমান (৩৩) নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া ইয়াবা সেবনকালে শাকিল বাবু (১৯), হাসিবুল ইসলাম (৩২) ও শাকিল আহম্মেদ (১৬) নামে আরো তিনজনকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার দেওয়ানের খামার ও বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সবাই উপজেলা ভূরুঙ্গামারী ইউনিয়নের দেওয়ানের খামার এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, মাদককারবারিরা দেওয়ানের খামার এলাকায় বিস্তৃত ধানক্ষেত ও সুপারি বাগানে নিয়মিত ইয়াবা সেবন ও ক্রয়-বিক্রয় করত। চারদিক ফাঁকা থাকার কারণে মাদককারবারি ও মাদকসেবীরা সহজেই পুলিশের উপস্থিতি টের পেত এবং পালিয়ে যেত। মাদককারবারিদের ধরাতে পুলিশ সুপারি ব্যবসায়ী সেজে অভিযান চালায়।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম, এসআই আল-আমিন অভিযান পরিচালনা করে। এসময় প্রথমে তিন মাদকসেবীকে ইয়াবা সেবনরত অবস্থায় গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অনলাইন জুয়া ও মাদক কারবারে জড়িত শিপনের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ৬০ পিস ইয়াবা, অনলাইন জুয়া খেলায় ব্যবহৃত স্মার্টফোন ও নগদ ৮৩ হাজার টাকাসহ শিপনকে গ্রেফতার করা হয়।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, শিপন ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড এলাকার কুখ্যাত মাদককারবারি ও ক্যাসিনো সম্রাট। সে পুলিশের নজরদারিতে ছিল। সম্প্রতি সে অনলাইন জুয়া খেলে জ্যাকপট পেয়ে বিপুল পরিমাণ অবৈধ অর্থ উপার্জন করে।
তিনি জানান, মাদকসহ শিপন ও তার তিন সহযোগীকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশোধিত জুয়া আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হবে। এছাড়া উপজেলার অন্যান্য মাদককারবারি ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।



