বরিশালের বানারীপাড়া চাঁদা না পেয়ে আয়ুর্বেদিক চিকিৎসককে মারধরের দায়ে যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন- উপজেলার বাইশারী ইউনিয়ন যুবদলের সদস্যসচিব মাকসুদুর রহমান ডালিম এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রফিক মল্লিক।
উপজেলার বাইশারী বাজারের আয়ুর্বেদিক চিকিৎসক বিভাস ঋষির কাছে চাঁদা দাবি করা হয়। চাঁদা না পেয়ে শুক্রবার তার উপর হামলা হয়। হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে সমালোচনার মধ্যে যুবদলের দুজনকে বহিষ্কার করা হলো।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ মৃধা বলেন, ‘এক আয়ুর্বেদিক চিকিৎসককে মারধরের কারণে যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।’
গত রোববার যুবদলের সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
যুবদলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নীতি-আদর্শ ও সংহতিবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুজনকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করা হয়েছে। একই সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়েছে।



