গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা
সিলেট ও সুনামগঞ্জ জেলার পাথর কোয়ারিগুলো পরিবেশ রক্ষা করে সীমিত আকারে ইজারা প্রদানের জন্যে সরকারের গঠিত উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি পাথর কোয়ারি পরিদর্শনের কাজ ইতোমধ্যে শুরু করেছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গঠিত এই বিশেষজ্ঞ দল সীমান্ত নদীর পলি জমানো ও নদী ভাঙনসহ সার্বিক পরিবেশগত ঝুঁকি পর্যালোচনা করছে।
রোববার (১৭ মে) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গঠিত উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটির আহ্বায়ক সিলেটের বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমানের নেতৃত্বে গঠিত দল বিছনাকান্দি পাথর কোয়ারি সরেজমিন পরিদর্শন করেছে।
এ সময় উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: নুরে জামান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকির হোসাইন, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী, নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ, পরিবেশ অধিদফতর ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নিয়োজিত কর্মকর্তারা।



