শাহাদাত হোসেন জুয়েল, (মাদারীপুর)
মাদারীপুরে বিয়ে বাড়িতে নাচ-গান নিয়ে তর্কের জের ধরে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত পক্ষে ১৩ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যায় সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সুচিয়ার ভাঙ্গা ও উত্তর খাগছাড়া দুই গ্রামবাসীর মধ্যে এ ঘটনা ঘটে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
আহতরা হলেন- সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সুচিয়া ভাঙ্গা গ্রামের মোজাম্মেলের ছেলে আলামিন সন্ন্যামাত, আব্দুল রব ঢালীর ছেলে জামাল ঢালী, ছত্তার ঢালীর ছেলে অলিল ঢালী, সিদ্দিক সন্ন্যামাতের ছেলে শাহ আলম সন্ন্যামাত, একই ইউনিয়নের উত্তর খাগছাড়া গ্রামের কদম চৌকিদারের ছেলে রেজাউল চৌকিদার, হাজী মোতালেব তালুকদারের ছেলে কাওয়াসার তালুকদার, ছোবাহান শিকদারের কামাল হোসেন, বাদল শিকদারের ছেলে সাব্বির শিকদার, শুভ কাজী, রোমান কাজী, আরিফ কাজী, ইব্রাহিম কাজীসহ অন্তত ১৩ জন আহত হন।
জানা গেছে, গত বুধবার রাতে মোস্তফাপুর ইউনিয়নের উত্তর খাগছাড়া গ্রামের কাওসার তালুকদারের মেয়ের বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান চলছিল। সেখানে নাচতে যায় মোস্তফাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সাগর বেপারী (সাগর মেম্বার) গ্রুপ ও উত্তর খাগছাড়া গ্রামের হাকিম কাজী গ্রুপের দুই দল কিশোর। এ সময় উপস্থিত মেয়েদের উত্যক্ত করার অভিযোগে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনায় পরের দিন বৃহস্পতিবার বিকেলে উভয়পক্ষের লোকজনসহ গণমান্য ব্যক্তিরা উত্তর খাকছাড়া নতুন বাজারে সালিশ মীমাংসার জন্য বসেন। সালিশ মীমাংসার মধ্যেই উভয়পক্ষের লোকজন উত্তেজিত হয়ে যায়। একপর্যায়ে উত্তর খাগছাড়া ও সুচিয়ার ভাঙ্গা দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি ককটেল বোমার বিস্ফোরণ ঘটানো হয়। একই সাথে ভাঙচুর করা হয় বেশ কয়েকটি দোকানপাট ও ঘরবাড়ি। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অন্তত পক্ষে ১৩ জন আহত হয়েছেন। বেশিভাগ আহতদের উদ্ধার করে মাদারীপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ভাষ্কর সাহা বলেন, খবর পেয়ে পুলিশ। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



