মৌলভীবাজার-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম নাসের রহমান সুশাসন প্রতিষ্ঠা ও অনিয়ম দমনে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক বার্তায় মৌলভীবাজারের বাসিন্দাদের উদ্দেশে তিনি এ ঘোষণা দেন।
এছাড়া, সবার সাথে, সবাইকে নিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে এম নাসের রহমান বলেন, ‘দল হিসেবেও আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। আমার নির্বাচনী এলাকাসহ মৌলভীবাজার জেলার কোথাও কোনো অনিয়ম ও বিশৃঙ্খলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।’
তিনি আরো বলেন, ‘ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই আমাদের অঙ্গীকার। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে সে যে দলেরই হোক, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
কোনো ধরনের প্রভাব বা পরিচয়ের কারণে কাউকে ছাড় দেয়া হবে না বলেও তিনি স্পষ্টবার্তা দেন।
নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, ‘যে কোনো বিশৃঙ্খলা বা অনিয়মের অভিযোগ পেলে সরাসরি ব্যবস্থা নেয়া হবে। কেউ কোথাও কোনো অনিয়মের শিকার হলে আমার সাথে যোগাযোগ করার অনুরোধ করছি।’
জনগণের অধিকার সুরক্ষা, প্রশাসনিক স্বচ্ছতা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে তিনি সর্বদা কাজ করবেন বলেও আশ্বাস দেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের পরপরই সুশাসন ও জবাবদিহিতা নিয়ে এমন দৃঢ় অবস্থান সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রত্যাশা সৃষ্টি করেছে।



