জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিটের মধ্যে একটি পুনরায় চালু হয়েছে। পাশাপাশি গ্যাসের অভাবে দীর্ঘদিন বন্ধ থাকা আরেকটি ছোট ইউনিট থেকেও বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) রাত সোয়া ৮টার দিকে ইউনিটগুলো থেকে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু হয় বলে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে হঠাৎ জাতীয় গ্রিড লাইনে ত্রুটি দেখা দিলে গ্রিডের সাথে যুক্ত বিদ্যুৎ কেন্দ্রের ৪৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন নর্থ ইউনিট ও ৪০০ মেগাওয়াট ক্ষমতার ইস্ট ইউনিট বন্ধ হয়ে যায়। পরে কারিগরি দল ত্রুটি নিরসনে কাজ শুরু করে। ত্রুটি মেরামতের পর প্রায় পৌনে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর রাত সোয়া ৮টার দিকে ৪৫০ মেগাওয়াট ক্ষমতার নর্থ ইউনিটটি পুনরায় উৎপাদনে ফিরে আসে।
আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী পরিচালক (পরিচালন ও সংরক্ষণ) মো: আব্দুল মজিদ জানান, ৪৫০ মেগাওয়াট নর্থ ইউনিটটি ইতোমধ্যে চালু করা হয়েছে। তবে ৪০০ মেগাওয়াটের ইস্ট ইউনিট চালু করতে কমপক্ষে তিন দিন সময় লাগতে পারে।
তিনি আরো জানান, ইস্ট ইউনিটের জন্য বরাদ্দকৃত গ্যাস ব্যবহার করে আপাতত ৫০ মেগাওয়াট ক্ষমতার আরেকটি ইউনিট চালু করা হয়েছে এবং সেখান থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।



