আড়াইহাজারে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৪

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Araihazar

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পূর্ববিরোধের জেরে একটি বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। এতে দুই নারীসহ চারজন আহত হয়েছেন। এ ছাড়া বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী আমির হোসেন।

শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী এলাকায় এ ঘটনা ঘটে।

আড়াইহাজার থানায় দেয়া লিখিত অভিযোগে আমির হোসেন দাবি করেন, সামাজিক ও পারিবারিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে শাহজাহান, নুর মোহাম্মদসহ কয়েকজনের সাথে তাদের বিরোধ চলে আসছিল। এর জেরে শুক্রবার সকালে অভিযুক্তরা আরো ১০ থেকে ১২ জনকে সাথে নিয়ে লাঠিসোঁটা, লোহার রড, এসএস পাইপ ও ধারালো অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালান।

অভিযোগে আরো বলা হয়, হামলাকারীরা আমির হোসেন, দেলোয়ার, বিল্লাত ও রব মিয়ার বসতঘরে ঢুকে ভাঙচুর করেন। এ সময় আমির হোসেনের দুই স্ত্রী রহিমা ও লাকি বাধা দিলে তাদের মারধর করে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। তাদের পরনের কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানিরও অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী আমির হোসেন আরো দাবি করেন, হামলাকারীরা বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।