সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত

আসন্ন ঈদ উপলক্ষে তিনি টাকা পাঠাবেন এবং দুই ছেলের জন্য কিছু কিনে দেবেন। কিন্তু সেটিই ছিল তাদের শেষ কথা। রাত প্রায় ৩টার দিকে স্বজনদের মাধ্যমে খবর আসে, মোশাররফ হোসেন আর বেঁচে নেই।

মুহাম্মদুল্লাহ, সখীপুর (টাঙ্গাইল)

Location :

Tangail
নিহত প্রবাসী মোশাররফ হোসেন
নিহত প্রবাসী মোশাররফ হোসেন |নয়া দিগন্ত

সৌদি আরবে মিসাইল হামলায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার সন্তান মোশাররফ হোসেন (৪০) নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। রোববার (৮ মার্চ) স্থানীয় সময় আনুমানিক ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোশাররফ হোসেন উপজেলার কীর্ত্তনখোলা গ্রামের মো: সূর্যত আলীর ছেলে। তিনি সৌদি আরবের আল খারিজ শহরে একটি কোম্পানিতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। রোববার সন্ধ্যায় ইরানের ছোড়া মিসাইলে তিনি নিহত হন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

পরিবারের সদস্যরা জানান, অভাবের সংসার একটু ভালো করার আশায় প্রায় আট বছর আগে সৌদি আরবে পাড়ি জমান মোশাররফ হোসেন। প্রবাসে কঠোর পরিশ্রম করে তিনি পরিবারের খরচ চালাতেন। তিন বছর আগে মাত্র তিন মাসের ছুটিতে দেশে এসেছিলেন তিনি। এরপর আবার পরিবারের হাল ধরতে কর্মস্থলে ফিরে যান।

নিহত মোশাররফ হোসেনের পরিবারে স্ত্রী ও দুই ছেলেসন্তান রয়েছে। বড় ছেলে মাহিম স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র এবং ছোট ছেলে মিহান প্রথম শ্রেণিতে পড়ে।

নিহতের স্ত্রী কবরী আক্তার জানান, ঘটনার আগের রাতেও স্বামীর সাথে তার কথা হয়েছিল। স্বামী বলেছিলেন, আসন্ন ঈদ উপলক্ষে তিনি টাকা পাঠাবেন এবং দুই ছেলের জন্য কিছু কিনে দেবেন। কিন্তু সেটিই ছিল তাদের শেষ কথা। রাত প্রায় ৩টার দিকে স্বজনদের মাধ্যমে খবর আসে, মোশাররফ হোসেন আর বেঁচে নেই।

এ খবর ছড়িয়ে পড়লে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে আসে। নিহতের মা জহুরা বেগম বারবার মূর্ছা যাচ্ছেন। ছোট ছেলে মিহান নানার কোলে বসে চারপাশের মানুষের কান্না দেখছে। হয়তো এখনো বুঝে উঠতে পারেনি, তার বাবা আর কোনোদিন ফিরে আসবেন না।

এদিকে ঘটনাটি জানার পর সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রনী নিহতের পরিবারের খোঁজখবর নিয়েছেন।

তিনি জানান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে দ্রুত লাশ দেশে আনার চেষ্টা চলছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সব ধরনের সহযোগিতা দেয়া হবে।