পিরোজপুরের কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আসাদুজ্জামান ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্ভাবিত স্টলগুলো ঘুরে দেখেন এবং ক্ষুদে বিজ্ঞানীদের নতুন নতুন উদ্ভাবন সম্পর্কে খোঁজখবর নেন।
মেলায় উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয় ও দু’টি কলেজের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করছে। প্রকল্পগুলোর মধ্যে ছিল পরিবেশবান্ধব স্মার্ট সিটি মডেল, সৌরবিদ্যুতের বহুমুখী ব্যবহার, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক পদ্ধতি, অগ্নিনির্বাপক ব্যবস্থা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান বলেন, ‘আজকের এই ক্ষুদে বিজ্ঞানীরাই আগামী দিনের কর্ণধার। এ ধরনের মেলা শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা বৃদ্ধি এবং বিজ্ঞানমনস্ক জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইয়াকুব হোসাইন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার সোমা সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার, বিআরডিবি অফিসার মো: মাসুম মিয়া, যুব উন্নয়ন অফিসার সৈয়দ আজমল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, কাউখালী প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকসহ উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সংবাদকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।



