কুমিল্লায় ১৭৬ কোটি টাকার ঋণখেলাপি মামলার আসামি গ্রেফতার

দীর্ঘদিন ধরে পাওনা আদায়ে বিভিন্নভাবে যোগাযোগ করা হলেও অভিযুক্তরা ঋণ পরিশোধে কোনো কার্যকর পদক্ষেপ নেননি।

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
মো: আশফাকুর রহমান চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ
মো: আশফাকুর রহমান চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ |নয়া দিগন্ত

কুমিল্লায় ঋণখেলাপি মামলার আসামি ওয়েসিস হাইটেক স্পোর্টসওয়্যার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো: আশফাকুর রহমান চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৩ মে) দুপুরে কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ।

ইসলামী ব্যাংক কুমিল্লা শাখার ইনভেস্টমেন্ট ইনচার্জ মো: এমদাদুল মতিন জানান, ওয়েসিস হাইটেক স্পোর্টসওয়্যার লিমিটেড প্রতিষ্ঠানটির যৌথ মালিকানায় রয়েছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান জাভেদ আলী ও ম্যানেজিং ডিরেক্টর মো: আশফাকুর রহমান চৌধুরী। প্রতিষ্ঠানের চেয়ারম্যান জাভেদ আলী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ২০১৬ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কুমিল্লা শাখা থেকে প্রতিষ্ঠানটি ১১৬ কোটি ১০ লাখ টাকার বিনিয়োগ সুবিধা গ্রহণ করে। ২০১৮ সাল পর্যন্ত নিয়মিতভাবে লেনদেন চললেও ২০১৯ সালে প্রায় ১০০ কোটি টাকা খেলাপি ঋণে পরিণত হয়। পরে ধীরে ধীরে সম্পূর্ণ ঋণ খেলাপিতে রূপ নেয়। বর্তমানে প্রতিষ্ঠানটির কাছে ব্যাংকের পাওনা দাঁড়িয়েছে ১৭৬ কোটি টাকারও বেশি।

দীর্ঘদিন ধরে পাওনা আদায়ে বিভিন্নভাবে যোগাযোগ করা হলেও অভিযুক্তরা ঋণ পরিশোধে কোনো কার্যকর পদক্ষেপ নেননি। একপর্যায়ে বকেয়া ঋণের আংশিক পরিশোধের জন্য ব্যাংকে চেক প্রদান করা হলেও সংশ্লিষ্ট হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় চেক ডিজঅনার মামলা দায়ের করা হয়। ওই মামলায় আদালত তাদের এক বছরের কারাদণ্ড দেন।

ইসলামী ব্যাংক কুমিল্লার প্যানেল ল’ইয়ার ও কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর পিপি অ্যাডভোকেট বদিউল আলম সুজন বলেন, ‘ওয়েসিস হাইটেক স্পোর্টসওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালন মো: আশফাকুর রহমান চৌধুরী ব্যাংক থেকে পৃথকভাবে মোট ১৭৬ কোট টাকা ঋণ নিয়েছেন। পরে ব্যাংকের সাথে চেক প্রদানের মাধ্যমে প্রতারণা করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে আদালতে পাঁচটি মামলা রয়েছে। তার মধ্যে একটি মামলায় আদালত তাকে এক বছরের সাজা দিয়েছেন। বাকি মামলাগুলোও বিচারাধীন রয়েছে। অল্প সময়ের মধ্যে বিচারকার্য সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।’

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ‘ঋণখেলাপির একটি মামলায় আদালত আশফাকুর রহমান চৌধুরীকে এক বছরের সাজা দেন। ওই মামলায় তিনি দীর্ঘদিন ধরে পালাতক রয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে র‌্যাব ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বিকেলে আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়।’