রাসিকের পরিচ্ছন্নতাকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

‘এ ঈদ উপহার আমাদের পরিচ্ছন্নকর্মীদের ঈদের আনন্দ আরো বাড়িয়ে দেবে এবং দায়িত্ব পালনে নতুন উদ্দীপনা তৈরি করবে।’

Location :

Rajshahi
পরিচ্ছন্নতাকর্মীদের হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন
পরিচ্ছন্নতাকর্মীদের হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন |নয়া দিগন্ত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার হিসেবে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫ মে) বেলা ১১টার দিকে নগর ভবনের গ্রিন প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এক হাজার ২৩৭ জন পরিচ্ছন্নতাকর্মীর হাতে অনুদানের অর্থ তুলে দেন রাসিক প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন।

এ সময় প্রত্যেক পরিচ্ছন্নতাকর্মীকে পাঁচ হাজার টাকা করে মোট ৬১ লাখ ৮৫ হাজার টাকার অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতে রাজশাহীবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন রাসিক প্রশাসক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার প্রদানে প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক উদ্যোগ শুধু আর্থিক সহায়তা নয়, এটি পরিচ্ছন্নকর্মীদের প্রতি সম্মান, ভালোবাসা ও তাদের পরিশ্রমের স্বীকৃতি।’

তিনি বলেন, ‘এ ঈদ উপহার আমাদের পরিচ্ছন্নকর্মীদের ঈদের আনন্দ আরো বাড়িয়ে দেবে এবং দায়িত্ব পালনে নতুন উদ্দীপনা তৈরি করবে।’

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি ইতোমধ্যে পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, ইমাম ও মোয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদানসহ অনেক নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন।’

রাসিক প্রশাসক বলেন, ‘প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দেন, তিনি তা বাস্তবায়ন করেন। প্রধানমন্ত্রীর একজন কর্মী হয়ে আমরাও যে প্রতিশ্রুতি দেবো, তা অবশ্যই বাস্তবায়ন করবো। প্রধানমন্ত্রী ১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণে নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা মতো আমরা ছয় থেকে আট ঘণ্টার মধ্যে রাজশাহী মহানগরের কোরবানির সব বর্জ্য অপসারণ করতে চাই। ঈদের দিন আমি নিজে আট ঘণ্টা মাঠে থেকে কার্যক্রম তদারকি করব।’

তিনি বলেন, ‘ঈদুল আজহা নির্বিঘ্নে উদযাপন, কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে নগরবাসীর মাঝে কোরবানির গোশত সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে। পাশাপাশি কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় লবণ সরবরাহ, যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহযোগিতা এবং ঈদে ঘরমুখো ট্রেনযাত্রীদের সহায়তায় বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

‘আগামীতে রাজশাহীকে আরো পরিচ্ছন্ন, সবুজ, সুন্দর, স্বাস্থ্যকর, আধুনিক ও তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে চাই। এ কাজে আমি আপনাদের সবার সহযোগিতা চাই,’ বলেন রাসিক প্রশাসক।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার পেয়ে পরিচ্ছন্নতাকর্মী সোনালি, ছাবেরা ও কহিনুর বেওয়া বলেন, ‘প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেয়ে আমরা অনেক আনন্দিত। আমরা কতটা খুশি হয়েছি, তা ভাষায় প্রকাশ করতে পারছি না। টাকাগুলো দিয়ে পরিবারের জন্য ঈদের বাজার করা, ছেলে-মেয়ে, নাতি-নাতনির জন্য জামাকাপড় কিনতে পারবো।’

পরিচ্ছন্নতাকর্মী রুমন আলী বলেন, ‘ঈদের আগে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ উপহার পেয়ে খুব ভালো লাগছে। এতে আমাদের পরিবারের ঈদের খুশি আরো বেড়ে গেল। আমরা প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

পরিচ্ছন্নতাকর্মী হাশেম আলী বলেন, ‘আমি ১৫ বছর ধরে চাকরি করছি। বিগত সময়ে আমরা কখনো এভাবে ঈদ উপহার পাইনি। প্রধানমন্ত্রী তারেক রহমান এবছর ঈদুল ফিতর ও ঈদুল আজহায় আমাদেরকে যে ঈদ উপহারের অর্থ দিলেন, তাতে সংসারের প্রয়োজন মেটাতে বেশ সহায়ক হবে।’

আরেক পরিচ্ছন্নতাকর্মী মো: সাইফুল ইসলাম বলেন, ‘এ সহায়তা শুধু অর্থ নয়, আমাদের কাজের স্বীকৃতি। আমরা চেষ্টা করি নগরবাসীকে পরিচ্ছন্ন পরিবেশ উপহার দিতে। এ সম্মান ও সহযোগিতা আমাদের আরো অনুপ্রাণিত করবে। আমাদের প্রশাসকের নেতৃত্বে আমরা দ্রুত সময়ে কোরবানির সব বর্জ্য অপসারণ করবো।’

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিমের সভাপতিত্বে ও উপপ্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা সেলিম রেজা রঞ্জুর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাসিকের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শেখ মো: মামুন। অনুষ্ঠানে রাসিকের সচিব সোহেল রানা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, জয়নাল আবেদীন শিবলী ও মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা, রাসিকের বিভিন্ন শাখার কর্মকর্তা, ওয়ার্ড সচিব ও পরিচ্ছন্নতা বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।