চট্টগ্রামের পটিয়ায় চাঁনখালি খালে ৬০ মেট্রিক টন অপরিশোধিত লবণ নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে।
বুধবার (১ এপ্রিল) বিকেলে পটিয়া থানায় জিডি করেন ডুবে যাওয়া নৌকার মাঝি আহমাদুল্লাহ প্রকাশ সোনা মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, মাঝি আহমদ উল্লাহ প্রকাশ সোনা মিয়া বিগত ২৯ মার্চ দুপুরে চট্টগ্রামের বাঁশখালী থেকে ৬০ মেট্রিক টন অপরিশোধিত লবণ বোঝাই করে পটিয়া ইন্দ্রপোল লবণ শিল্প এলাকায় নিয়ে আসছিল। এ সময় চাঁনখালি খালে লবণ ভর্তি নৌকাটি প্রবেশ করে ইন্দ্রপোল লবণ শিল্প এলাকায় আসার সময় নাইখাইন বড়ুয়াপাড়া ও খান মোহনা সংযোগস্থল চানখালি খালের ওপর একটি নির্মাণাধীন সেতুর গায়ে লেগে থাকা স্টিল পাতের সাথে লেগে তলা ছিদ্র হয়ে নৌকাটি ডুবে যায়।
এতে ছয় লাখ টাকা মূল্যের লবণ নষ্ট হয়। পাশাপাশি প্রায় ১৭ লাখ টাকা মূল্যের ইঞ্জিনচালিত নৌকাটির ব্যাপক ক্ষতিসাধিত হয় বলে জানিয়েছে ওই নৌকার মাঝি মাহমুদুল্লাহ প্রকাশ সোনামিয়া।
পটিয়া ইন্দ্রপোল লবণ মিল মালিক সমিতির মালিক ওহীদুস সামাদ হেলাল জানান, নির্মাণাধীন ওই সেতুটির কারণে প্রায় সময় লবণবাহী নৌকা ডুবির ঘটনা ঘটছে।
তিনি বলেন, খালের দুই পাড়ে সেতুর পিলার নির্মাণ হলেও পিলারের গায়ে লেগে থাকা স্টিল পাতগুলো সরিয়ে না নেয়ায় প্রায় সময় দুর্ঘটনা ঘটছে।
পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রাম ডিভিশন-২-এর উপবিভাগীয় প্রকৌশলী সোহাগ তালুকদার জানিয়েছেন, প্রায় আড়াই মাস আগে ঠিকাদারকে ওই স্টিল পাতগুলো সরিয়ে নেয়ার জন্য বলা হয়েছে। তবে, ঠিকাদার এখনো সেগুলো সরিয়ে নেননি। এ কারণে তার কাজের বিল আটকে রাখা হয়েছে।



