রাজনগর (মৌলভীবাজার) সংবাদদাতা
মৌলভীবাজারের সড়ক দুর্ঘটনায় মসুদ আহমদ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (৪ মার্চ) বিকাল ৩টার দিকে মৌলভীবাজার-কুলাউড়া মহাসড়কে পশ্চিম কদমহাটা (তিলকর) নামক স্থানে মোটরসাইকেল, প্রাইভেটকার ও পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত মসুদ মিয়া পারিবারিকভাবে ৪ ভাই ও ১ বোনের মধ্যে সবার বড়। তার স্ত্রীসহ ১ ছেলে ও ২ মেয়ে রয়েছে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বিকাল ৩টার সময় মৌলভীবাজারের রাজনগর উপজেলার করতল গ্রামের শওকত মিয়ার ছেলে মসুদ আহমদ(৪০) মোটরসাইকেল (মৌলভীবাজার-হ-১৩-০৫০০) যোগে বাড়ি হতে পারিবারিক কাজে মৌলভীবাজার যাচ্ছিলেন। যাবার পথে মৌলভীবাজার-কুলাউড়া মহাসড়কের পশ্চিম কদমহাটা (তিলকর) নামক স্থানে তার পেছন থেকে আসা একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-২১-৭১৪১) তাকে সজোরে ধাক্কা দিলে সম্মুখে মৌলভীবাজার থেকে আসা একটি পিকআপ ভ্যানের (মৌলভীবাজার-ড-১১-০৩২৮) উপর তিনি ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে মৌলভীবাজার ফায়ার স্টেশনের একটি টিম এবং মৌলভীবাজার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে পাঠান।
এদিকে রাজনগর-মৌলভীবাজারের মধ্যবর্তী স্থানে দুর্ঘটনাটি ঘটায় রাজনগর থানা পুলিশের একটি টিমও ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা যায়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে পাঠনো হয়েছে। এঘটনায় ১জন আহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল, প্রাইভেট কার ও পিকআপ ভ্যান পুলিশ হেফাজতে আছে। এব্যাপারে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’



