কলারোয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৪

বাড়ির পাশের একটি মুরগির খামারের দুর্গন্ধ ছড়ানোকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে প্রতিবেশী জামাল উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম তার স্বামী ইব্রাহিম ও ভাসুর রুহুল আমিনকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তার স্বামীকে কলারোয়া হাসপাতালে ও ভাসুরকে সাতক্ষীরা হাসপাতালে নেয়া হয়।

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা

Location :

Satkhira
ছুরিকাঘাতে যুবক নিহত
ছুরিকাঘাতে যুবক নিহত |নয়া দিগন্ত গ্রাফিক্স

সাতক্ষীরার কলারোয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইব্রাহিম হোসেন (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন তার বড় ভাই রুহুল আমিন (৩৪)।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের সাতপোতা বেড়বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিপক্ষের একই পরিবারের চারজনকে আটক করেছে পুলিশ।

নিহত ও আহত দুই ভাই ওই গ্রামের ছলেমান শেখের ছেলে। নিহত ইব্রাহিম পেশায় একজন ভ্যানচালক ছিলেন। তিনি এক সন্তানের জনক এবং তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।

আটকরা হলেন— কেরালকাতা ইউনিয়নের বেরবাড়ি গ্রামের জামাল উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম (২৮), তার স্ত্রী সাথী আক্তার (২৫), আরিফুল ইসলামের বাবা মরহুম আবুবক্কার গাজীর ছেলে জামাল উদ্দিন (৬২) ও মা শাহানারা খাতুন (৫৫)।

নিহত ইব্রাহিমের স্ত্রী মেঘলা খাতুন জানান, বাড়ির পাশের একটি মুরগির খামারের দুর্গন্ধ ছড়ানোকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে প্রতিবেশী জামাল উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম তার স্বামী ইব্রাহিম ও ভাসুর রুহুল আমিনকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তার স্বামীকে কলারোয়া হাসপাতালে ও ভাসুরকে সাতক্ষীরা হাসপাতালে নেয়া হয়।

কলারোয়া হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত মেডিক্যাল অফিসার ডাক্তার ফারজানা রহমান জানান, বেলা সাড়ে ৩টার দিকে ইব্রাহিম হোসেনকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতাল নিয়ে আসার আগেই তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে থানায় নিয়ে আসে। লাশ সাতক্ষীরা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি চলছে।