টাঙ্গাইলে জামায়াত অফিসে আগুন দেয়ায় ওয়ার্ড বিএনপির কার্যক্রম স্থগিত

টাঙ্গাইলের ভূঞাপুরে জামায়াত ইসলামীর নির্বাচনী অফিসে আগুন দেয়ার ঘটনায় গাবসারা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।

মালেক আদনান, টাঙ্গাইল

Location :

Tangail
টাঙ্গাইলে জামায়াত অফিসে আগুন দেয়ার ঘটনায় ওয়ার্ড বিএনপির কার্যক্রম স্থগিত
টাঙ্গাইলে জামায়াত অফিসে আগুন দেয়ার ঘটনায় ওয়ার্ড বিএনপির কার্যক্রম স্থগিত |নয়া দিগন্ত

টাঙ্গাইলের ভূঞাপুরে জামায়াত ইসলামীর নির্বাচনী অফিসে আগুন দেয়ার ঘটনায় গাবসারা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। একইসাথে ভূঞাপুর উপজেলা বিএনপির সহসভাপতি এস এম ফরহাদুল ইসলাম শাপলাকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলুর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সমাজে সহিংসতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে দলের এমন পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন সচেতন মহল।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের মেঘারপটল গ্রামে রাজনৈতিক হীন উদ্দেশ্য হাসিলের জন্য উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে। প্রাথমিকভাবে এ ঘটনায় জড়িত থাকার তথ্য পাওয়ায় গাবসারা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। অধিকতর তদন্ত সাপেক্ষে এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জমান তালুকদার সেলু বলেন, ‘প্রাথমিকভাবে মনে করি আমাদের নেতাকর্মীরা ঘটনার সাথে সম্পৃক্ত থাকতে পারে। এজন্য কমিটি স্থগিত করা হয়েছে।’

উল্লেখ্য, শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের মেঘারপটলে জামায়াতের নির্বাচনী অফিসে আগুন দেয়ার অভিযোগ ওঠে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।

গাবসারা ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি কাজলের নেতৃত্বে বিএনপির ১০/১৫ জন নেতাকর্মী পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে জামায়াতের নির্বাচনী অফিসটি পুড়িয়ে দেয়।