গাজীপুরের বোর্ডবাজারে ২০,৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

গ্রেফতারের সময় তার কাছ থেকে ২০,৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল ফোন এবং নগদ চার হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার |ফাইল ছবি

গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকে প্রায় ৬২ লাখ টাকা মূল্যের ২০ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পিয়ারু (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে র‍্যাব-১, সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

পিয়ারু চট্টগ্রাম জেলার পটিয়া থানার আজিমপুর (আমানত খানের বাড়ি) এলাকার বাসিন্দা।

র‍্যাব সূত্রে জানা যায়, জিএমপির গাছা থানা অধীন বোর্ডবাজার ভূষিরমিল এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয়ের তথ্য পেয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে খ্রীস্টিয়ান ডিসাইপ্লশীপ সেন্টার (সিডিসি) সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানকালে বিকেল ২টায় পিয়ারু নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে ২০,৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল ফোন এবং নগদ চার হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে পলাতক সহযোগীদের সাথে যোগসাজশে দেশের বিভিন্ন জেলা থেকে ইয়াবা সংগ্রহ করে গাজীপুরসহ বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দামে বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলার প্রস্তুতি নেয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ-এর গাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো: রাকিব হাসান, পিপিএম-সেবা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।