বিজিবি অধিনায়কের জিরো টলারেন্স নীতিতে পাল্টে গেছে সুনামগঞ্জ সীমান্তের দৃশ্যপট

সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লে: কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জেলার সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ পণ্য বা অনুপ্রবেশ হতে না দিতে তারা সর্বদা সজাগ রয়েছে। ঈদ উপলক্ষে এই নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে এবং অপরাধীদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।

মেহেদী হাসান ভূঁইয়া, তাহিরপুর (সুনামগঞ্জ)
নয়া দিগন্ত

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকাগুলোতে নিরাপত্তার এক দুর্ভেদ্য চাদর গড়ে তুলেছে বর্ডার গার্ড বাংলাদেশ ২৮ ব্যাটালিয়ন।

বিশেষ করে আসন্ন ঈদ উৎসবকে কেন্দ্র করে চোরাকারবারীদের তৎপরতা রুখতে এবং জেলার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি বিওপি ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল ব্যবস্থা কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে।

বর্তমান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির দায়িত্ব গ্রহণের পর থেকেই গত কয়েক মাসে জেলায় সীমান্ত অপরাধ দমনে এক বিশাল পরিবর্তন হয়েছে বলে খোঁজ নিয়ে জানা গেছে।

বিজিবি সূত্র থেকে জানা গেছে, যে বর্তমান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদিরের সরাসরি তত্ত্বাবধানে সীমান্তের জিরো পয়েন্ট থেকে শুরু করে জেলার গুরুত্বপূর্ণ সীমান্ত পথগুলোতে দিনরাত কঠোর নজরদারি চলছে। গত কয়েক মাসে ২৮ বিজিবির বিশেষ তৎপরতায় কোটি কোটি টাকার ভারতীয় চিনি এবং বিপুল পরিমাণ মাদক ও কসমেটিকসসহ বিভিন্ন অবৈধ পণ্যের চালান জব্দ করা হয়েছে। ঈদকে সামনে রেখে এই চোরাচালান প্রতিরোধে বিজিবি এখন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে যা স্থানীয় চোরাকারবারীদের জন্য একটি বড় সতর্কবার্তা হিসেবে দাঁড়িয়েছে।

জেলার সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা জানিয়েছেন, যে বর্তমান অধিনায়ক যোগদানের পর থেকে সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে আমূল পরিবর্তন এসেছে। বিজিবির নিয়মিত ঝটিকা অভিযান এবং আধুনিক নজরদারি বৃদ্ধির ফলে মাদক ও অবৈধ চোরাচালান এখন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে।

এ ছাড়াও সাধারণ মানুষ যাতে নির্ভয়ে ও শান্তিতে ঈদের আনন্দ উদযাপন করতে পারে সেই লক্ষ্যে বিজিবি সদস্যরা দুর্গম পাহাড় ও নদীপথে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করছেন।

জেলার সচেতন মহল বলছেন, সুনামগঞ্জবাসীর বিশ্বাস লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদিরের দক্ষ ও সাহসী নেতৃত্বে জেলার সীমান্ত এলাকা ভবিষ্যতে আরো নিরাপদ ও সুরক্ষিত হয়ে উঠবে। বর্তমান অধিনায়ক নিজে মাঠ পর্যায়ে বিভিন্ন বিওপি পরিদর্শন করে বিজিবি সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করছেন যা সদস্যদের মনোবল আরো বাড়িয়ে দিয়েছে।

সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লে: কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জেলার সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ পণ্য বা অনুপ্রবেশ হতে না দিতে তারা সর্বদা সজাগ রয়েছে। ঈদ উপলক্ষে এই নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে এবং অপরাধীদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।