চুয়াডাঙ্গার সদরে অপহরণের ৮দিন পর রাফিন (২২) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৩ জুন) সকালে উপজেলার কুতুবপুর গ্রামের অর্জুন খালে লাশটি শনাক্ত হওয়ার পর দুপুরে উদ্ধার করা হয়।
রাফিন আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের চিলাভালকি গ্রামের সৌদি প্রবাসী আক্তার হোসেনের ছেলে।
রাফিনের দাদি আমেনা খাতুন জানান, গত ৫ জুন শুক্রবার সকালে রাফিন নিজের ব্যাটারিচালিত রিকশাভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। ওই দিন সন্ধ্যা পর্যন্ত সে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে তারা তার মোবাইল ফোনে একাধিকবার কল দিয়ে যোগাযোগের চেষ্টা করে ফোনটি বন্ধ পায়। এরপর রাত ৮টার দিকে একটি মোবাইল ফোন নম্বর থেকে কল আসে। কলদাতা দাবী করেন, রাফিনকে অপহরণ করা হয়েছে। তাকে জীবিত ফেরত পেতে হলে ১২ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে।
এ ঘটনার পর আলমডাঙ্গা থানায় একটি অভিযোগ দেয়া হয়।
স্বজনদের দাবী, অপহরণকারীদের সাথে যোগাযোগের সময় তারা রাফিনের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তারা তার সাথে কথা বলার সুযোগ দেয়নি বরং ফোনের অপর প্রান্ত থেকে তাকে মারধরের শব্দ শোনানো হয়েছে।
দাদি আরো জানান, রাফিন দীর্ঘদিন ধরে তার সাথে বসবাস করছিলেন। সে ব্যাটারিচালিত রিকশাভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করত।
চুয়াডাঙ্গার সদর উপজেলার কুতুবপুর ক্যাম্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশটি সনাক্ত করেছে।
কুতুবপুর পুলিশ ক্যাম্পে কর্তব্যরত এএসআই শাহাজুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাতে লাশের সন্ধান পাওয়া যায়। তবে রাত গভীর হওয়ায় তখন সেটি উদ্ধার করা সম্ভব হয়নি। আজ শনিবার সকালে লাশের সুরতহাল প্রতিবেদন করার পর দুপুরে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



