চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ২০ হাজার ফুট পাইপ ও ১০টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন। এ সময় উত্তোলিত বালু জব্দ ও বালু বোঝাই একটি ট্রাক জব্দ করা হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলার করেরহাট ইউনিয়নের অলিনগর মোল্লারঘাট ও চৌধুরীঘাট এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত আনুমানিক ২০ হাজার ফুট পাইপ ও ১০টি শ্যালো মেশিন বিনষ্ট করা হয়। পাশাপাশি উত্তোলিত বালু ও বালু বোঝাই একটি ট্রাক জব্দ করা হয়। অভিযানে জোরারগঞ্জ থানা পুলিশ, বারইয়ারহাট ফায়ার সার্ভিস কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইউএনও সোমাইয়া আক্তার বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। সরকারি সম্পদ ও পরিবেশ রক্ষায় আইন অমান্য করে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’



