পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া অনুদান বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে নগরভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ৮২৭ জন পরিচ্ছন্নতাকর্মীর প্রত্যেকের হাতে নগদ পাঁচ হাজার টাকা করে মোট ৪১ লাখ ৩৫ হাজার টাকা তুলে দেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
এছাড়া বর্জ্য ব্যবস্থাপনা শাখার সুপারভাইজার ও পরিবহন শাখার ড্রাইভারদের মধ্যেও সিসিকের নিজস্ব তহবিল থেকে ঈদ অনুদান দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করে বলেন, ‘তিনি একজন মানবিক নেতা। তার উদ্যোগে সিলেটসহ দেশের ১২টি সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা ঈদ উপলক্ষে এই অনুদান পেয়েছেন। অতীতে এ ধরনের উদ্যোগ কখনো দেখিনি।’
পরিচ্ছন্ন ও সুন্দর নগর গড়তে সিসিক কর্মীদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, ‘সিলেট একটি পর্যটন নগরী। দেশ-বিদেশের অসংখ্য মানুষ এখানে ভ্রমণে আসেন। হযরত শাহজালাল রহ. ও হযরত শাহ পরাণ রহ.-এর মাজার জিয়ারত করতে প্রতিদিন হাজারো মানুষ পুণ্যভূমি সিলেটে আসেন। তাই সিলেটকে পরিচ্ছন্ন ও নান্দনিক নগর হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা দিয়েছেন। আমরা সে লক্ষ্যেই কাজ শুরু করেছি। এ ক্ষেত্রে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।’
সভাপতির বক্তব্যে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, ‘নগরের প্রায় ১০ লাখ মানুষ প্রতিদিন প্রায় ৫০০ টন বর্জ্য উৎপাদন করেন। মাত্র ৮২৭ জন কর্মীর পক্ষে এ বিপুল পরিমাণ বর্জ্য সংগ্রহ, পৃথকীকরণ ও ডাম্পিং করা অত্যন্ত কঠিন। তাই একটি পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে।’
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) একলিম আবদীন।
এ সময় উপস্থিত ছিলেন সিসিকের সচিব মো: আশিক নূর, প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিত দেব, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) লে. কর্নেল (অব.) মোহাম্মদ উল্লাহ, নির্বাহী প্রকৌশলী জয়দেব বিশ্বাস, জনসংযোগ কর্মকর্তা (অ. দা.) নেহার রঞ্জন পুরকায়স্থ, মো: মাহবুবুর রহমানসহ সিসিকের অন্য কর্মকর্তা-কর্মচারীরা।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান সিসিকের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ৪১ লাখ ৩৫ হাজার টাকা বরাদ্দ দেন।
এর আগে রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুদানের চেক নেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।



