বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা
ভোলার বোরহানউদ্দিনে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুলাল মৃধা (৩৮) নামে এক চালকের মৃত্যু হয়েছে। তাকে উদ্ধার করতে গিয়ে তার ভাই নজরুল ইসলাম ও ভাইয়ের স্ত্রী আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দেউলা ইউনিয়নের চরআলগী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। দুলাল মৃধা ওই গ্রামের অজিউল্লাহ মৃধার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, দুলাল মৃধা দীর্ঘদিন ধরে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। মঙ্গলবার সকালে নিজের অটোরিকশা চার্জে সংযোগ দেয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তার চিৎকার শুনে ভাই নজরুল ইসলাম ও তার স্ত্রী এগিয়ে এসে তাকে উদ্ধার করতে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুলাল মৃধাকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



