কুমিল্লায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

মঙ্গলবার দুপুরে উপজেলার চান্দলা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

কুমিল্লা প্রতিনিধি

Location :

Brahmanpara
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স |সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে জিহাদ (৫) ও রায়হান (৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার চান্দলা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জিহাদ উপজেলার চান্দলা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের জলিল মিয়ার ছেলে এবং রায়হান কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা এলাকার রুবেল মিয়ার ছেলে। রায়হান নানা বাড়িতে বেড়াতে এসেছিল। তারা সম্পর্কের মামা-ভাগনে বলে জানা গেছে।

পরিবার সূত্রে জানা গেছে, জিহাদ ও রায়হান একসাথে বাড়ির উঠোনে খেলা করছিল। কিছুসময় পর তাদেরকে উঠোনে দেখতে না পেয়ে স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বাড়ির পাশের ডোবায় বৃষ্টির জমা পানিতে তাদের খোঁজ করলে সেখানে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাদের ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাহমিদা ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।