জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ ইংরেজি কুইজ প্রতিযোগিতায় দেশসেরা হয়ে তৃতীয় স্থান অর্জন করেছে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার খুদে শিক্ষার্থী মো: আদিল হোসেন।
মঙ্গলবার (১৬ জুন) ঢাকার মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতরের অডিটোরিয়ামে আয়োজিত জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পদক ও সনদ তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অধিদফতরের মহাপরিচালক উপস্থিত ছিলেন।
আদিল সাটুরিয়ার হরগজ শিমুলিয়া এ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মানোয়ার হোসেনের ছেলে। তার এই সাফল্যে পুরো মানিকগঞ্জ জেলা জুড়ে বইছে আনন্দের বন্যা।
আদিলের এই অভাবনীয় সাফল্যে অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পরিচালনা পর্ষদ এবং সাটুরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ খ ম নূরুল হক এবং সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম যৌথ এক অভিনন্দন বার্তায় বলেন, ‘আদিল সাটুরিয়া তথা গোটা মানিকগঞ্জ জেলার একজন গর্বিত সন্তান। জাতীয় পর্যায়ে তার এই গৌরবময় অর্জন এলাকার অন্য শিক্ষার্থীদের পড়াশোনা ও সহ-শিক্ষা কার্যক্রমে দারুণভাবে অনুপ্রাণিত করবে।’
ছেলের এই সাফল্যের জন্য মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করে আদিলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তার বাবা মানোয়ার হোসেন।


