শান্তিপূর্ণ পরিবেশে চুয়াডাঙ্গায় ভোটগ্রহণ শুরু

ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিজিবি, র‍্যাব, সেনাবাহিনী ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করছেন। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ভোটগ্রহণ পরিচালিত হচ্ছে।

হুসাইন মালিক, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga
শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ
শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গার দুই আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে নারী-পুরুষ ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। অনেক কেন্দ্রেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটারদের অপেক্ষা করতে দেখা যায়। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উৎসবমুখর ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়।

ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিজিবি, র‍্যাব, সেনাবাহিনী ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করছেন। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ভোটগ্রহণ পরিচালিত হচ্ছে।

চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহের সোহরাওয়ার্দী স্বরণী বিদ্যাপীঠ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মুতাচ্ছিন বিল্লাহ বলেন, ‘আজকে সকাল সাড়ে ৭টা থেকে আমরা ভোটগ্রহণ শুরু করেছি। সাধারণ ভোটাররা উৎসব মুখর পরিবেশে ভোট দিতে আসছেন। বিশেষ করে নারী ভোটারদের লম্বা লাইন রয়েছে। ভোটের পারসেন্ট ভালো হবে আশা করছি।’

ভোট দিতে এসে বয়োজ্যেষ্ঠ ভোটার রবিউল ইসলাম বলেন, ‘দীর্ঘ ২০ বছর পর ভোট দিলাম। খুব ভালো লাগছে সুষ্ঠুভাবে ভোট দিতে পেরে। ভোটকেন্দ্রে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি রয়েছে। এবার মনে হচ্ছে সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে।’

এক তরুণী ভোটার বলেন, ‘সকালে বাসার কাজ শেষ করে ভোটকেন্দ্রে এসেছি। এসে দেখি লম্বা লাইন। তবে এবার ভোট দিতে পেরে খুব ভালো লাগছে।’

চুয়াডাঙ্গা-১ আসনে ভোট দিলেন শরীফুজ্জামান
সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে চুয়াডাঙ্গা-১ আসনেও। ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা বিএনপির প্রার্থী শরীফুজ্জামান শরীফ সকালে তার নিজ ভোটকেন্দ্র ভিক্টোরিয়া জুবিলি মাধ্যমিক বিদ্যালয়ে ভোট দেন। এ সময় তার স্ত্রী, সন্তান ও ভাই উপস্থিত ছিলেন। কেন্দ্র প্রাঙ্গণে নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিও লক্ষ্য করা যায়।

ভোট প্রদান শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘বর্তমানে ভোটগ্রহণ সুষ্ঠুভাবেই চলছে। আশা করছি, বিগত দিনের তুলনায় এবারের নির্বাচন আরো বেশি সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।’

তিনি আরো বলেন, ‘সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আমরা প্রশাসনকে সহযোগিতা করছি এবং শেষ পর্যন্ত এ সহযোগিতা অব্যাহত রাখব। মানুষের ভোটাধিকার সুনিশ্চিত করার লক্ষ্যেই এই নির্বাচনী প্রক্রিয়া।’

শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে তিনি সংশ্লিষ্ট সবার প্রতি সহযোগিতার আহ্বান জানান।

চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, ‘সকালে আমি আমার নিজ বাড়ি ছত্রপাড়ার কেন্দ্রে ভোট দিয়েছি। এখনো পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।’

চুয়াডাঙ্গা-২ আসনে প্রার্থীদের ভোট প্রদান
চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির প্রার্থী মাহমুদ হাসান খান বাবু তার নিজ কেন্দ্র জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া বাজার কেন্দ্রে ভোট দিয়েছেন।

ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘গত কয়েকদিন নির্বাচনী প্রচারণায় আমরা বলে আসছিলাম, আমরা উৎসবমুখর পরিবেশে নির্বাচন চাই। ভোটের বর্তমান অবস্থা এখন পর্যন্ত শান্তিপূর্ণ আছে। তবে বিচ্ছিন্ন কিছু ঘটনার খবর এসেছে। আশা করি দিনের শেষে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ হবে। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’

তিনি আরো বলেন, ‘ফলাফল যা-ই হোক, আমি মেনে নেবো। কারণ এটাই জনগণের রায়। রাতে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, বিষয়গুলো রিটার্নিং কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনী দেখছেন। আশা করি ভোটের পরিবেশ শান্তিপূর্ণ ও উৎসবমুখর থাকবে।’

চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী রুহুল আমীন তার নিজ গ্রাম জীবননগরের ধোপাখালী কেন্দ্রে ভোট দিয়েছেন। ভোট প্রদান শেষে তিনি বলেন, ‘নিজের ভোটাধিকার প্রয়োগ করতে এসে এত সকালে সাধারণ ভোটারদের যে উপস্থিতি দেখেছি, তাতে বোঝা যায় মানুষ এবার পরিবর্তনের পক্ষে। আমি আশাবাদী, এমন শান্তিপূর্ণ পরিবেশে সারাদিন ভোট চলবে। ফলাফল যা-ই হোক, ইনশাআল্লাহ।’

উল্লেখ্য, চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ আসনে মোট ৩৫৪টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে। দুই আসনে মোট ভোটার প্রায় ১০ লাখ। বিএনপি, জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।