গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর বলেছেন, ‘আগামী ৩০ এপ্রিল অথবা সর্বোচ্চ ১৫ মে -এর মধ্যে পিরোজপুরের ২৫০ শয্যার জেলা হাসপাতালের চারটি ফ্লোর চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। হাসপাতালের লিফট স্থাপনে কিছুটা সময় লাগবে এবং এটি আগামী আগস্ট মাসের মধ্যে স্থাপন করা হতে পারে। তবে লিফট স্থাপনের জন্য অপেক্ষা না করে জনগণের স্বাস্থ্যসেবার কথা বিবেচনায় রেখে আপাতত চারটি ফ্লোর চালু করার পরিকল্পনা নেয়া হয়েছে।’
মঙ্গলবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে পিরোজপুর জেলা হাসপাতালে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘দেশে প্রায় সব হাসপাতালেই চিকিৎসক সঙ্কট রয়েছে। তারপরও পিরোজপুর জেলা হাসপাতালের সেবার মান উন্নয়নের লক্ষ্যে আগামী দুই মাসের মধ্যে প্রয়োজন অনুযায়ী চিকিৎসক নিয়োগের উদ্যোগ নেয়া হবে।’
পাশাপাশি যেসব চিকিৎসা যন্ত্রপাতিতে সমস্যা রয়েছে, সেগুলো দ্রুত স্থানান্তর বা সংস্কারের ব্যবস্থা করা হবে। এতে করে আগামী দুই মাসের মধ্যে হাসপাতালের সেবার মান আগের তুলনায় আরো উন্নত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এর আগে প্রতিমন্ত্রী পিরোজপুর জেলা প্রশাসক মো: আবু সাঈদ, সিভিল সার্জন ডা: মতিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আউয়াল, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান এবং সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমতসহ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে এক সভায় অংশ নেন।



