সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় : মাসুদ সাঈদী

বাংলাদেশ ঐতিহ্যগতভাবে সাম্প্রদায়িক সৌহার্দ্যের দেশ। এদেশে নানা জাতি-গোষ্ঠী ও ধর্মের লোক বসবাস করে। এটাই বাংলাদেশের সৌন্দর্য।

আল আমিন হোসাইন, নাজিরপুর (পিরোজপুর)

Location :

Nazirpur
নাজিরপুর উপজেলার মালিখালি এলাকায় নির্বাচনী প্রচারণা চালান মাসুদ সাঈদী
নাজিরপুর উপজেলার মালিখালি এলাকায় নির্বাচনী প্রচারণা চালান মাসুদ সাঈদী |নয়া দিগন্ত

পিরোজপুর-১ আসনের এমপি প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। যদি জাতিতে জাতিতে কিংবা ধর্মে-ধর্মে হানাহানি হয় তাহলে জাতীয় অগ্রগতি ও উন্নয়ন ব্যাহত হবে। এ কারণে যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। এক্ষেত্রে সকল রাজনৈতিক দলকে সমানভাবে কাজ করতে হবে।

বাংলাদেশ ঐতিহ্যগতভাবে সাম্প্রদায়িক সৌহার্দ্যের দেশ। এদেশে নানা জাতি-গোষ্ঠী ও ধর্মের লোক বসবাস করে। এটাই বাংলাদেশের সৌন্দর্য।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালি ইউনিয়ন পরিষদ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী মালিখালি ইউনিয়ন শাখা আয়োজিত হিন্দু-মুসলিম সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের দেশের মানুষ স্বভাবগতভাবেই ধর্মপ্রাণ। কিন্তু তারা অন্যান্য ধর্মের সাথেও চমৎকার সম্পর্ক রক্ষা করে চলে। এটিই ধর্মের সৌন্দর্য। আমরা দেশটাকে সব ধর্ম দিয়ে ফুলের বাগানের মতো সাজাব। চেতনার গল্প শুনিয়ে যারা দেশের জনগণকে বিভ্রান্ত করে জনগণের অধিকার যারা লুটপাট করেছে, তাদের জায়গা বাংলাদেশে আর হবে না। চব্বিশের যুব সমাজ অতীতের বস্তাপচা রাজনীতির জন্য লড়াই করেনি। তারা পরিবর্তন চেয়েছে। ১৩ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে সে পরিবর্তনের সূচনা হবে ইনশাআল্লাহ।'

মাসুদ সাঈদী বলেন, আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই। দুর্নীতি, চাঁদাবাজি ও সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ চাই। যুবসমাজের জন্য ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই, নৈতিক শিক্ষাসহ শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে চাই। আমরা দূর্নীতির বিরুদ্ধে সত্যিকারের জিরো টলারেন্স নীতি নিতে চাই। আমরা 'দুর্নীতি করব না-দুর্নীতিকে প্রশ্রয় দেব না'- এটাই আমাদের অঙ্গীকার।

কারো নাম উল্লেখ না করে মাসুদ সাঈদী বলেন, একটি দল গভীর রাতে মানুষের বাড়িতে বাড়িতে যাচ্ছেন। তারা কাউকে হুমকি দিচ্ছেন, আবার কাউকে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছেন। তিনি বলেন, কেউ যদি টাকা দিয়ে ভোট কিনতে আসে, তাদের আইনের হাতে তুলে দেবেন। কেননা যারা টাকা দিয়ে ভোট কিনতে চায় তারা মূলতঃ মানুষের দারিদ্র্যতার সাথে তামাশা করছে, মানুষকে অপমান করছে। অতীতের মতো ভোট কেনানেচার রাজনীতি যারা করতে চায় তারা গণতন্ত্রের শত্রু, তারা দেশের শত্রু।

আসন্ন গণভোটে 'হ্যাঁ' ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'হ্যাঁ' ভোট দিলে বৈষম্য, শোষণ ও নিপীড়ন থেকে দেশ মুক্ত হবে, বাংলাদেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে এবং বাংলাদেশ উন্নত এক দেশ হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হবে। তাই, দেশ গড়তে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ সদস্য পদের নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিন এবং গণভোটে 'হ্যাঁ'তে ভোট দিন। আপনি নিজে ভোট দিন এবং আপনার পরিচিত সবাইকে ভোট দিতে উদ্বুদ্ধ করুন এবং তাদের ভোটকেন্দ্রে নিয়ে আসুন, দেশ পাল্টে দিন। মনে রাখবেন, দেশ পরিবর্তনের চাবি এখন আপনার হাতে।

মালিখালি ইউনিয়ন সভাপতি মো: আব্দুল্লাহ নেওয়াজের সভাপতিত্বে নির্বাচনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাজিরপুর উপজেলা আমির মাওলানা আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নাজিরপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাইদ মোল্লা, ডা. বিভাষ বসু, তপন মন্ডল, সুজিত গাইন, নাজমুল ইসলাম, মনোজ কান্তি প্রমুখ।