বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা এবং রাজনৈতিক অঙ্গীকার মাদক সন্ত্রাস, চাঁদাবাজ কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য মুক্ত করা। যেকোনো মূল্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়ন করা হবে। মাদক সন্ত্রাস চাঁদাবাজ কিশোর গ্যাং মুক্ত সমাজ গড়বো। কোনোভাবেই মাদক সন্ত্রাস চাঁদাবাজ কিশোর গ্যাংয়ের পক্ষে বিএনপি পৃষ্ঠপোষকতা করবে না।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) যশোর জেলা ও পুলিশ প্রশাসনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রতিমন্ত্রী বলেন, আমার রাজনৈতিক দলের কোনো নেতাকর্মী মাদক কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হলে কোনো ছাড় দেয়া হবে না। কোনোভাবেই কেউ যদি এ ধরনের অনৈতিক কর্মকান্ডে নিজের নাম জড়িয়ে ফেলে তাহলে তিনি দলের আদর্শচ্যুত হবেন। আদর্শচ্যুত কোনো ব্যক্তির দায় বিএনপি নেবে না।
তিনি প্রশাসনের উদ্দেশ্য বলেন কেউ বিএনপি হওয়ার চেষ্টা করবেন না। পেশাদারিত্বের সাথে কাজ করবেন। কোনো রাজনৈতিক কিংবা ধর্ম বিশ্বাসের ভিন্নতার কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়। প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন । খোলা মনে আত্মবিশ্বাসের সাথে জড়তাহীনভাবে নিয়ম ও আইন মেনে জনগণের স্বার্থে কাজ করবেন। সরকার আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবে।



