ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের (জেইউএম) সভাপতি এম আউয়ুব আলী ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
একইসাথে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালকে ভূমি প্রতিমন্ত্রী, জামালপুর-১ (দেওয়ানগঞ্জ) আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী, কিশোরগঞ্জ-২ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য মো: শরীফুল আলমকে বাণিজ্য, শিল্প ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নিযুক্ত করায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করেন নেতৃবৃন্দ।
সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ’র (জেইউএম) যুগ্ম সম্পাদক আমানউল্লাহ আকন্দ জাহাঙ্গীর স্বাক্ষরিত এক বিবৃতিতে ময়মনসিংহের ১১টি আসনের জাতীয় সংসদ সদস্যগণকেও অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নেতৃবৃন্দ।
সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের (জেইউএম) সভাপতি এম আউয়ুব আলী ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিবৃতিতে বলেন, নতুন বাংলাদেশের নতুন সরকারে বৃহত্তর ময়মনসিংহের পাঁচজন সংসদ সদস্যের তথ্য ও সম্প্রচার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, ভূমি মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট এবং কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ ময়মনসিংহ বিভাগের জন্য খুবই গৌরবের বিষয়।
প্রতিমন্ত্রীরা দেশের জনগণের কল্যাণ ও উন্নয়নে সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মাধ্যমে জনসেবার উজ্জল দৃষ্টান্ত স্থাপন করবেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ নতুন বাংলাদেশের প্রত্যাশা পূরণে প্রতিমন্ত্রীগণ সফল হবেন এবং দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলেও আশাবাদ প্রকাশ করেন।



