লোহাগাড়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ৫০

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। যাদের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে উন্নত চিকিংসার জন্য চট্টগ্রাম মেডিক্যালে পাঠানো হয়েছে।

মোছাদ্দেক হোসাইন, লোহাগাড়া (চট্টগ্রাম)

Location :

Chattogram
দুর্ঘটনাকবলিত বাস
দুর্ঘটনাকবলিত বাস |নয়া দিগন্ত

চট্টগ্রামের লোহাগাড়ায় দু’টি যাত্রীবাহী মারছা গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশত যাত্রী। তাদের মধ্যে আট থেকে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (৯ মে) সকাল ১১টার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি ফোরসিজন রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

রেহেনা বেগম (৬০) নামে নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার পাথরিয়া ইউনিয়নে। জানা গেছে, তারা পটিয়া থেকে কক্সবাজার যাচ্ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মুখোমুখি সংঘর্ষের সময় বাস দু’টির একটি চট্টগ্রাম থেকে ছেড়ে কক্সবাজার অভিমুখে যাচ্ছিল আরেকটি কক্সবাজার থেকে ছেড়ে চট্টগ্রাম অভিমুখে যাচ্ছিল। তবে যাত্রীদের অভিযোগ গাড়ি দু’টি বেপরোয়া গতিতে চলছিল।

এদিকে, দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। যাদের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে উন্নত চিকিংসার জন্য চট্টগ্রাম মেডিক্যালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

উপজেলা ট্রমা সেন্টারে কর্তব্যরত চিকিৎসক, জুনিয়র কনসালটেন্ট অর্থপেডিক ডা: তাসফিক আহমেদ বলেন, ‘সড়ক দুর্ঘটনায় মোট আটজনকে হাসপাতালে নিয়ে আসা হয়।এর মধ্যে চারজনের মৃত্যুবরণ করে। বাকি চারজনকে উন্নত চিকিৎসার জন্য চমেকে নিয়ে যাওয়া হয়েছে।’

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দীন চৌধুরী জানান, আমরা এখনো দুর্ঘটনাস্থলে আছি। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।