সরকার প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতার সাথে কাজ করছে বলে জানিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দেশের অর্থনীতির অবস্থা ভালো নয়, মধ্যপ্রাচ্যেও যুদ্ধ চলছে। এর মধ্যেও সরকার সব কাজ করে যাচ্ছে। পাশাপাশি এনার্জি ক্রাইসিসের মধ্যেও সরকার কাজ এগিয়ে নিচ্ছে।’
সোমবার (১৬ মার্চ) দুপুরে মিরসরাইয়ের বামনসুন্দর এলাকায় খালখনন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
খাল খনন প্রকল্প বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘এসব প্রকল্পে দুর্নীতির স্থান নেই। এ সময় খাল দখলে যত বড়ই শক্তিশালী দখলদার হোক, তাদের ছাড় দেয়া হবে না।’
দেশের প্রান্তিক মানুষকে সুফল দিতে খাল খনন কর্মসূচি কৃষি ও মৎসসহ নানাক্ষেত্রে পরিবর্তনের পাশাপাশি জলবায়ু পরিরবর্তনে প্রভাব মোকাবেলায় ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী।
উল্লেখ্য, দেশব্যাপী নদী-নালা-খাল জলাধরা খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের উদ্যোগে বামনসুন্দর এলাকার আলিরপোল এলাকা থেকে বানাতলী পর্যন্ত তিন কিলোমিটার এলাকা পুনঃখনন করা হবে। এতে করে সরাসরি উপকারভোগী হবেন সাধারণ কৃষক। কৃষিতে সেচ নিশ্চিত করা যাবে প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে।
খাল পুণঃখনন উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দিন, কৃষি উন্নয়ন করপোরেশনের প্রধান প্রকৌশলী মুহাম্মদ বদিউল আলম সরকার, মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নজির আহমেদ খাঁন, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক মো: নুরুল ইসলাম, মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার, মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম।



