বরগুনার তালতলীতে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল খান (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের বাবা আব্দুল আজিজ খান। তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
রোববার (১৯ এপ্রিল) সকালে উপজেলার উত্তর কড়াইবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রান্নাঘর নির্মাণের জন্য বাড়ির পাশের একটি গাছ কাটছিলেন সোহেল খান। গাছটি বিদ্যুতের লাইনের খুব কাছাকাছি থাকা এবং বিদ্যুৎ সংযোগ বন্ধ না করেই গাছ কাটার সময় সেটি লাইনের ওপর পড়ে যায়। এতে সোহেল খান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন।
এ সময় তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে তার বাবা আব্দুল আজিজ খানও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে আমতলী হাসপাতালে নেয়ার পথে সোহেল খানের মৃত্যু হয়। আহত আব্দুল আজিজ খান বর্তমানে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে তালতলী থানার ওসি (তদন্ত) শরীফুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।



