আসপাডার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অগ্রগতি বিষয়ক আলোচনা সভা

প্রধান অতিথি বলেন, ‘শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলে চলবে না; মানবিক ও নৈতিক শিক্ষায়ও শিক্ষিত হতে হবে। এজন্য মেধাকে লালন করতে হবে।’

মো: সাজ্জাতুল ইসলাম, ময়মনসিংহ

Location :

Mymensingh
প্রধান অতিথি উম্মে হাবীবা মীরা বক্তব্য দিচ্ছেন
প্রধান অতিথি উম্মে হাবীবা মীরা বক্তব্য দিচ্ছেন |নয়া দিগন্ত

ময়মন‌সিংহে আসপাডার বার্ষিক শিক্ষার অগ্রগতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) আসপাডা প্রশিক্ষণ অ্যাকাডেমি মিলনায়তনে মাসিক বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের নিয়ে এ আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

আসপাডার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক লায়ন মো: আবদুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উম্মে হাবীবা মীরা।

প্রধান আলোচক ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও আসপাডার চেয়ারম্যান মো: রুকন উদ দৌলা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ও আসপাডার উপদেষ্টা মো: সাজ্জাদ হোসেন, নেত্রকোনা জেলা যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক ফারজানা পারভীন ও আসপাডার পরিচালক সুবোধ চন্দ্র রায় ও শরীফ রায়হান।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা শিক্ষাজীবনের অগ্রগতি তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে উম্মে হাবীবা মীরা বলেন, ‘শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলে চলবে না, মানবিক ও নৈতিক শিক্ষায়ও শিক্ষিত হতে হবে। এজন্য মেধাকে লালন করতে হবে। নৈতিকতাসম্পন্ন প্রজন্ম গড়ে উঠলে সমাজ সুন্দরভাবে উপকৃত হবে। পাশাপাশি সামাজিক উন্নয়নেও শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।’

প্রধান আলোচক মো: রুকন উদ দৌলা বলেন, ‘মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে আসপাডা একটি অনন্য নজির স্থাপন করেছে। এ পর্যন্ত আসপাডার বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ১১১ জন বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছেন। ১০ জন বিসিএস ক্যাডার হয়েছেন। বর্তমানে ২২০ জন শিক্ষার্থী শিক্ষা বৃত্তি পাচ্ছেন।’

সভাপতির বক্তব্যে লায়ন মো: আবদুর রশিদ বলেন, ‘আসপাডার বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে ভালো মানুষ হতে হবে। তাদের সততা, নিষ্ঠা ও নৈতিক মূল্যবোধকে ধারণ করে এগিয়ে যেতে হবে।’

তিনি আরো বলেন, ‘পড়াশোনা শেষ করার পর কোনো বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী বেকার থাকলে আসপাডায় তার চাকরির সুযোগ রয়েছে। মেধাবী শিক্ষার্থীদের পাশে থেকে তাদের ভবিষ্যৎ গঠনে আসপাডার সহযোগিতা অব্যাহত থাকবে।’

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করেন আবু হানিফ মধুপুরী পীর সাহেব।