গাজীপুরের কালীগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নূর আলম (৩২) নামে এক গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ অটোরিকশার চার যাত্রী। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) কালীগঞ্জ বাইপাস সড়কের বালীগাঁও মোড়লবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নূর আলম দিনাজপুরের চিরিরবন্দর থানার দুতামরুনপুর এলাকার বাসিন্দা এবং গাজীপুরের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। আহতরা হলেন— জামালপুর দেওয়ানগঞ্জের রবিন (৩৫), টাঙ্গাইলের মধুপুরের রাশেদ রানা (২৪), সিরাজগঞ্জের ফরহাদ (১৯) ও নরসিংদীর রায়পুরার মাইন উদ্দিন (৩০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে সিএনজিচালিত একটি অটোরিকশা যাত্রী নিয়ে কালীগঞ্জ বাইপাস সড়ক ধরে নরসিংদীর দিকে যাচ্ছিল। পথে বালীগাঁও মোড়লবাড়ি এলাকায় অপর একটি গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের পেছনে থাকা একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ সামলাতে না পেরে ওই ট্রাককে ধাক্কা দেয়।
দূর্ঘটনায় গাড়ি তিনটি ক্ষতিগ্রস্ত হয়। সংঘর্ষে সিএনজির যাত্রী নূর আলম ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত চালকসহ সিএনজির চার যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে গুরুতর আহত দু’জনকে ঢাকায় পাঠানো হয়।
কালীগঞ্জ থানার এসআই মাকসুদুল কবির নকিব দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।’



