বরিশালের বানারীপাড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জি এম এ মুনীব ও র্যাব-৮ এর মেজর মো: রওনক জাহান সরকার শুভর নেতৃত্বে বন্দর বাজারের কয়েকটি পেট্রোল, অকটেন ও ডিজেলের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে র্যাব-৮ এর একটি দল।
এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি, কোনো লাইসেন্স না থাকাসহ ও পরিমাপে কম দেয়ার অভিযোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জি এম এ মুনীবের ভ্রাম্যমাণ আদালতে বন্দর বাজারের খান ব্রাদার্সের স্বত্বাধিকারী মো: মনির হোসেনের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া বেশি দামে তেল বিক্রির অভিযোগে বানারীপাড়া উত্তরপাড় বাজারের ঢালী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের স্বত্বাধিকারী জাকির হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ওই দুই দোকান ছাড়াও বন্দর বাজারের ফারুক ব্রাদার্সের মালিকের কাছ থেকে বেশি দামে ডিজেল বিক্রির না করার মুচলেকা নেয়া হয়।
এছাড়াও বন্দর বাজারের বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, বানারীপাড়া বন্দর বাজারে বেশি দামে অকটেন, পেট্রোল, ডিজেল, কেরোসিন ও গ্যাস বিক্রির অভিযোগের ভিত্তিতে তারা এই অভিযান পরিচালনা করেছেন। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা।
অভিযানকালে তারা বলেন, দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। তাই সরকারী নির্ধারিত মূল্যেই সবাইকে জ্বালানি তেল বিক্রি করতে হবে।



