হাতিয়ায় ধানের শীষের এক সমর্থকের দোকানে অগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় আগুনে পুড়ে গেছে সাতটি দোকান, একটি মাইক্রোবাস ও দুইটি সিএনজিচালিত অটোরিকশাসহ প্রায় কোটি টাকার সম্পদ।
রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার মুলা মার্কেট এলাকায় এ আগুনের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সবকটি দোকানের মালিক চরঈশ্বর ইউনিয়নরের ৩ নম্বর ওয়ার্ডের কালাম সর্দার। সংবাদ পেয়ে ভোরেই ঘটনাস্থল পরিদর্শন করেন নোয়াখালী-৬ হাতিয়া ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। তিনি এই ঘটনার জন্য এনসিপির নেতাকর্মীদের দায়ি করেন।
স্থানীয়রা আরো জানায়, ভোরে আগুন দেখে সবাই এগিয়ে আসেন। সংবাদ দেয়া হয় ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিস এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগে পুড়ে ছাই হয়ে যায় সাতটি দোকানের সকল মালামাল ও পাশের গেরেজে থাকা দু’টি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মাইক্রোবাস।
দোকানের মালিক কালাম সর্দার বলেন, ‘তিনি ধানের শীষের সমর্থনে নির্বাচন করেন। গত কয়েকদিন প্রতিপক্ষের লোকজন তাকে দেখে নিবে বলে হুমকি দিয়ে আসছে। দোকানে আগুন দেবে বলে হুমকি দেয়। মোবাইলে লোকজন তাকে দোকানে আগুন দেয়া হয়েছে বলে সংবাদ দেয়। এসে দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে।
এই বিষয়ে নোয়াখালী-৬ হাতিয়া ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, ‘ধানের শীষের পক্ষে নির্বাচন করার কারণে প্রতিপক্ষের লোকজন এই কাজটি করেছে।’
তিনি এই ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান।



