সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যাচেষ্টা, মৃত সন্তান প্রসব

অগ্নিদগ্ধ সাবানা বেগমকে (২০) উদ্ধার করে হাসপাতালে নিলে তিনি একটি মৃত মেয়ে সন্তানের প্রসব করেন।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Kanaighat
স্ত্রীকে হত্যাচেষ্টার দায়ে স্বামী হোসেন আহমদ চৌধুরী আক্তারকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ
স্ত্রীকে হত্যাচেষ্টার দায়ে স্বামী হোসেন আহমদ চৌধুরী আক্তারকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ |নয়া দিগন্ত

সিলেটের কানাইঘাট উপজেলায় ১০ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর ওপর পেট্রোল টেলে আগুন ধরিয়ে হত্যাচেষ্টার দায়ে স্বামী হোসেন আহমদ চৌধুরী আক্তারকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। অগ্নিদগ্ধ সাবানা বেগমকে (২০) উদ্ধার করে হাসপাতালে নিলে তিনি একটি মৃত মেয়ে সন্তানের প্রসব করেন।

সোমবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার সাতবাঁক ইউনিয়নের চরিপাড়া গ্রামে আত্মীয়ের বাড়ি থেকে স্থানীয় জনতার সহযোগিতায় আক্তারকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে, গত শনিবার রাত ৮টার দিকে স্ত্রী সাবানা বেগমকে (২০) তার বাবার বাড়িতে গিয়ে পেট্রোল ঢেলে গ্যাসলাইট দিয়ে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যান হোসেন আহমদ। ঘটনার পর সাবানাকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে পর গর্ভের সন্তানকে বাঁচানোর জন্য চিকিৎসকরা সার্জারি বিভাগে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একটি মৃত মেয়ে সন্তানের জন্ম হয় তার। আশঙ্কাজনক অবস্থা সাবানা বেগম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানায়, উপজেলার সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কান্দলা গ্রামের মরহুম খাইরুল আলম চৌধুরীর ছেলে হোসেন আহমদ চৌধুরী আক্তারের সাথে বছর খানেক আগে একই গ্রামের দিনমজুর আব্দুল জব্বারের মেয়ে সাবানা বেগমের বিয়ে হয়। গত শনিবার রাত ৮টার দিকে ১০ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সাবানা বেগমকে তার বাবার বাড়ি থেকে নিজ বাড়িতে আনার জন্য শ্বশুর বাড়িতে যান হোসেন আহমদ। কিন্তু স্ত্রী সাবানা বেগম অসুস্থ থাকায় শাশুড়ি তাকে বাড়ি নিয়ে যেতে না দেয়ায় ক্ষিপ্ত হয়ে হোসেন আহমদ শ্বশুর বাড়ি থেকে বের হয়ে যান। কিছুক্ষণ পরে তিনি স্থানীয় কান্দলা নয়াবাজার থেকে বোতলে পেট্রোল কিনে শ্বশুরবাড়িতে গিয়ে আচমকা বিছানায় শুয়ে থাকা স্ত্রী সাবানার গায়ে পেট্রোল ছিটিয়ে গ্যাস লাইট দিয়ে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যান। সাবানার আর্তচিৎকারে পরিবারের সদস্যরা ও আশপাশের লোকজন শরীরের আগুন নেভালেও ততক্ষণে তার দেহের বেশিভাগ অংশ পুড়ে যায়।

স্থানীয় ইউনিয়র পরিষদ (ইউপি) সদস্য ফখর উদ্দিন চৌধুরী বলেন, তিনি ঘটনা জানার পর শনিবার রাতে অগ্নিদগ্ধ অন্তঃসত্ত্বা সাবানা বেগমকে দেখতে হাসপাতালে যান। চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত মেয়ে সন্তানের জন্ম হয়। বিষয়টি থানা পুলিশকে জানানোর পর নবজাতকের দাফন করা হয়।

স্থানীয় অনেকে জানায়, হোসেন আহমদ চৌধুরী আক্তার দীর্ঘদিন থেকে মানসিকভাবে অসুস্থ। তিনি একসময় কুয়েতে ছিলেন। তবে কী কারণে স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যাচেষ্টা করেছেন তা তারা জানাতে পারেনি।

সাবানা বেগমের বাবা আব্দুল জব্বার জানান, বিয়ের পর বেশিভাগ সময় তার জামাতা স্ত্রীকে নিয়ে তার বাড়িতে থাকতেন। শনিবার রাত ৮টার দিকে আক্তার যখন তার বাড়িতে যান, তখন তিনি বাড়িতে ছিলেন না। বাড়িতে গিয়ে সাবানা বেগমের শরীরের পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যান হোসেন আহমদ।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল সোমবার বিকেলে নয়া দিগন্তকে জানান, স্ত্রীকে পেট্রোল ছিটিয়ে হত্যাচেষ্টার ঘটনায় তার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।