গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উদ্যোগে আন্তর্জাতিক মেকানিক্যাল, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং কনফারেন্স (আইসিএমএমপিই-২০২৬) সম্পন্ন হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক কনফারেন্সের সমাপনী অনুষ্ঠিত হয়।
যন্ত্রকৌশল অনুষদের ডিন ও কনফারেন্স চেয়ার অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।
প্রধান অতিথির বক্তব্যে ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, ‘ডুয়েট ইতোমধ্যে গৌরব ও সাফল্যের মধ্য দিয়ে দেশের অন্যতম প্রকৌশল বিশ্ববিদ্যালয় হিসেবে সুপ্রতিষ্ঠিত হয়েছে। তরুণ গবেষকদের উৎসাহিত করতে এ ধরনের আন্তর্জাতিক কনফারেন্স চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ মানবসম্পদ গঠনে সহায়ক হবে।
তিনি বলেন, ‘স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিতে গবেষণা ও উদ্ভাবনের গুরুত্ব আরো বাড়বে। সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে শিল্পখাতের উন্নয়নে এ ধরনের কনফারেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
কনফারেন্সের প্রধান পৃষ্ঠপোষক ও ডুয়েটের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, ‘যন্ত্রকৌশল, উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ প্রকৌশল প্রযুক্তিগত উন্নয়নের কেন্দ্রবিন্দু। চতুর্থ শিল্প বিপ্লবের ধারাবাহিকতায় থ্রিডি প্রিন্টিং, স্মার্ট টেক্সটাইল, নবায়নযোগ্য শক্তি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হচ্ছে।’
তিনি আশা প্রকাশ করেন, ‘এ কনফারেন্স ভবিষ্যতের প্রকৌশলগত চ্যালেঞ্জ মোকাবেলায় জ্ঞান বিনিময় ও সহযোগিতার কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।’
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) অধ্যাপক ড. মো: আরেফিন কাওসার বলেন, ‘এ কনফারেন্স গবেষণাকে কেবল প্রবন্ধে সীমাবদ্ধ না রেখে শিল্প ও সমাজের কল্যাণে প্রয়োগের গুরুত্ব তুলে ধরেছে। কনফারেন্স থেকে তরুণ গবেষকদের অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় এগিয়ে আসতে হবে।’
কনফারেন্সের দ্বিতীয় দিনে, যুক্তরাষ্ট্রের কানেকটিকাট বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. সুং ইওন কাং ও মিশিগান স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ড. রুইগ্যাং ওয়াং কী-নোট বক্তব্য দেন।
উল্লেখ্য, দুইদিনব্যাপী এ আন্তর্জাতিক কনফারেন্সে ১৯৫টির বেশি টেকনিক্যাল পেপার ও কী-নোট উপস্থাপন করা হয়। এতে বেস্ট পেপার অ্যাওয়ার্ড অর্জন করেন অধ্যাপক ড. রুইগ্যাং ওয়াং ও ডুয়েটের পিএইচডি গবেষক মনির হোসেন।
কনফারেন্সে দেশ-বিদেশের শিক্ষাবিদ, বিজ্ঞানী, গবেষকসহ ডুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।



