দেবিদ্বারে ড্রেজার দিয়ে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান

কুমিল্লার দেবিদ্বারে ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি ড্রেজার ও প্রায় আড়াই হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়েছে। একই সাথে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মো: ফখরুল ইসলাম সাগর, দেবিদ্বার (কুমিল্লা)

Location :

Debidwar
দেবিদ্বারে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
দেবিদ্বারে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান |নয়া দিগন্ত

কুমিল্লার দেবিদ্বারে ফসলি জমি রক্ষায় ড্রেজার দিয়ে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফয়সল উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ধামতী দক্ষিণ ইউনিয়নের তুলাগাঁও গ্রামের রহিম ভূইয়ার বাড়ির পাশে একটি ড্রেজার ও প্রায় এক হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়। এছাড়া রামেরদিঘীরপাড় এলাকার ড্রেজার মালিক মো: আব্দুস ছামাদকে (৬০)। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে তার একটি ড্রেজার ও প্রায় এক হাজার ৫০০ ফুট পাইপ ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন, ‘ফসলি জমি রক্ষায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’