ঢাকার ধামরাইয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
বুধবার (২৯ জুলাই) বিকেলে ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক মহাসড়কের আইঙ্গন ব্রিজের উত্তর পাশের ঢালে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের লাড়ুয়াকুন্ড গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মাহিম (১৬) এবং একই গ্রামের রুবেল হোসেনের ছেলে অনিক (১৭)। আহত আতাউল্লাহ (২০) একই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে মাহিম, অনিক ও আতাউল্লাহ মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। বিকেলে আইঙ্গন ব্রিজের উত্তর পাশের ঢালে পৌঁছালে একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহিম ও অনিককে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আতাউল্লাহকে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) নান্নু মণ্ডল জানান, নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দের চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।



