গোপালগঞ্জে বাবাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

Location :

Gopalganj
রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে নেয়া হচ্ছে।
রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে নেয়া হচ্ছে। |ছবি সংগৃহিত

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে বাবা ইসমাইল কাজীকে কুপিয়ে হত্যার দায়ে ছেলে আলিম কাজীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৩ মে গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ কাজীর বাজার এলাকায় নিজ বাড়িতে মাদকাসক্ত আলিম কাজী বটি হাতে নিয়ে তার পিতা ইসমাইল কাজীকে গালিগালাজ করছিল। এ সময় পিতা ইসমাইল কাজী তাকে গালিগালাজ করতে নিষেধ করলে আলিম ক্ষিপ্ত হয়ে হাতের বটি দিয়ে পিতার গলায় কোপ দেয়।

গুরুতর আহত অবস্থায় ইসমাইল কাজীকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের অন্য ছেলে সেলিম কাজী গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে পুলিশের তদন্ত ও দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার আদালত এ রায় ঘোষণা করেন।

মামলায় রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট এম এম জুলকদর এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবু তালেব শেখ।