‘কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ’—এ স্লোগানকে সামনে রেখে ফেনীতে ইসলামী ব্যাংকের ফরেন রেমিট্যান্স গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে ইসলামী ব্যাংক ফেনী শাখার আয়োজনে শাখা কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক শহীদুল আলম।
ব্যাংকের এফএভিপি মতিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ম্যানেজার (অপারেশন) জাহিদুল ইসলাম। গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ শাহজাহান ও হাজী মোহাম্মদ লিয়াকত।
সভাপতির বক্তব্যে শহীদুল আলম বলেন, ‘গত দেড় মাস ইসলামী ব্যাংক নিয়ে গুজব ছড়ানো হয়েছে। গুজবের কারণে আমাদের মা-বোনেরা টাকা তুলতে আসছেন। আমরা ফেনী শাখায় কাউকে ফেরত দিইনি। বরং গুজবে নিজেরা, সমাজ ও রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসলামী ব্যাংক সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। আপনারা আস্থা রাখুন। আপনাদের স্বামী, ছেলে-মেয়ে প্রবাসে যাঁরা আছেন, তাদের টাকা আগের মতো পাঠাতে বলুন। আমাদের উচিত গুজবে আতঙ্কিত না হওয়া। গুজবে আতঙ্কিত হলে আমরা শুধু ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হব না, বরং রাষ্ট্রও ক্ষতিগ্রস্ত হবে।’
জাহিদুল ইসলাম বলেন, ‘ব্যাংকের ফান্ড সরকারের ইন্সুরেন্স করা থাকে। ব্যাংকের টাকা কারও মেরে খাওয়ার সুযোগ নেই। ব্যাংক থেকে ঋণ নিলে তা পরবর্তী প্রজন্মকেও শোধ করতে হবে। আমাদের দেশে ৫৯টি ব্যাংক রয়েছে; এর মধ্যে যে রেমিট্যান্স আসে, তার অর্ধেকেরও বেশি আমরা নিয়ে আসি। এটার কারণ হলো আমাদের সেবা ও আপনাদের আস্থা। সুতরাং ইসলামী ব্যাংকের কিছু হবে—এমনটা মনে করার কোনো কারণ নেই।’



