বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম এলাকাবাসীর উদ্দেশে বলেছেন, আমি আপনাদের সেবা করে মরে যেতে চাই। আপনাদের সেবা করাই আমার কাজ। আমি আপনাদের সন্তান, ভাই, এই এলাকার মানুষ। জেল খেটেছি হামলা-মামলার স্বীকার হয়েছি, আমার ঘর পোড়ানো হয়েছে, আমার মাকে মেরেছে, তবুও কখনো বিএনপি ছেড়ে যাইনি। কখনো আপনাদের ছেড়ে চলে যাইনি। ভবিষ্যতেও যাবো না ইনশাআল্লাহ।
সোমবার ৯৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বোয়ালমারী স্টেডিয়াম নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে এই জনসভা অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি আরো বলেন, আপনাদের দোয়া ও ভালোবাসার মধ্যে থাকতে চাই। আমার সন্তানগুলো সবাই প্রতিষ্ঠিত, আমার কোনো লোভ নাই। কোনো চাওয়া-পাওয়া নেই। আমার একটাই স্বপ্ন- আপনাদের সেবা করতে করতে শেষঃনিশ্বাস ত্যাগ করা।
খন্দকার নাসির বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ড দেয়া হবে। আপনি স্বাস্থ্য কার্ড নিয়ে হাসপাতালে গেলে আপনাদের কাছ থেকে কোনো চিকিৎসা ফি নেয়া হবে না। সম্পূর্ণ ফ্রিতে সেবা পাবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদ্দাররেস আলী ইছা। সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মো: আরিফুর রহমান দোলন।
এতে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক লোকমান হোসেন খান প্রমুখ।
বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার সাহা ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হোসাইন।



