খুলনায় নিখোঁজের তিনদিন পর ভৈরব নদে রিকশাচালক হানিফ শেখের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৪ মার্চ) ভোরে জেলার জেলখানা খেয়াঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত হানিফ শেখ ভৈরব নদের ৪ নম্বর ঘাট এলাকার আজিজ শেখের ছেলে এবং পেশায় একজন রিকশাচালক ছিলেন।
স্থানীয়রা জানায়, সাহরির কিছুক্ষণ পর ভৈরব নদে এক ব্যক্তির ভাসমান লাশ দেখতে পেয়ে তারা স্থানীয় নৌ-পুলিশকে খবর দেন। পরে লাশটি উদ্ধার করে নৌ-পুলিশ।
নৌ-পুলিশ খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার বলেন, ‘ভোর ৫টার দিকে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখান থেকে হানিফ শেখের লাশ উদ্ধার করা হয়। পরে পরিবারকে খবর দিলে সদস্যরা ঘটনাস্থলে আসেন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।’
তিনি আরো বলেন, ‘গত বৃহস্পতিবার হানিফ যখন গোসলের জন্য ভৈরব নদের ৪ নম্বর ঘাটে নামেন তখন স্থানীয় কয়েকজনের সাথে দেখা হয়। এরপর তিনি নদের প্রচণ্ড স্রোতে হারিয়ে যান।’
লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভোর ৬টার দিকে নদীতে গোসলের জন্য নেমে নিখোঁজ হন তিনি। পরবর্তীতে পরিবারের সদস্যরা নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেন। ওইদিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় ডুবুরিরা ভৈরব নদের বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান চালিয়ে না পেয়ে সন্ধ্যায় উদ্ধার অভিযান বন্ধ করে দেয়।



