ঠাকুরগাঁওয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পিকআপসহ চালক হাবিবুর রহমানকে (২৪) আটক করেছে পুলিশ।

রাফিক সরকার, ঠাকুরগাঁও
দুর্ঘটনাকবলিত পিকআপ ও অটোরিকশা
দুর্ঘটনাকবলিত পিকআপ ও অটোরিকশা |নয়া দিগন্ত

ঠাকুরগাঁওয়ে পিকআপ, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কের ভূল্লী উপজেলার কচুবাড়ী পোস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভূল্লী উপজেলার বড় বালিয়া এলাকার শাহজাহান আলীর স্ত্রী আনোয়ারা বেগম (৪৫) এবং অজ্ঞাত এক পুরুষ, যার বয়স আনুমানিক ৪০ বছর।

আহতরা হলেন মোটরসাইকেলচালক লক্ষ্মীরহাট বাজার এলাকার ইদ্রিস আলীর ছেলে মো: হারুনুর রশিদ (৩৮), অটোরিকশাচালক কিসমত কেশুরবাড়ি এলাকার হাফিজুল ইসলামের ছেলে মো: সাহিরুল ইসলাম (২৩), বড় বালিয়া এলাকার মোছা: জরিনা (৪০) এবং ঠিকানা অজ্ঞাত মো: শফিকুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে আসা একটি পিকআপ কচুবাড়ী পোস্ট অফিস পাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। পরে তাদের ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আনোয়ারা বেগমসহ দুইজনকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে গুরুতর আহত হারুনুর রশিদ ও সাহিরুল ইসলামকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পিকআপসহ চালক হাবিবুর রহমানকে (২৪) আটক করেছে পুলিশ।

ওসি জানান, হাবিবুর রহমান নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিষকাকুড়ি গ্রামের মো: আব্দুল হামিদের ছেলে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।