সন্তানের ইচ্ছা পূরণ করতে গিয়ে মবের শিকার বাবা ও স্বজনরা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অসুস্থ সন্তানের ইচ্ছা পূরণে গাড়িতে ঘুরে বেড়াতে গিয়ে অপহরণকারী সন্দেহে জনতার হাতে মারধরের শিকার হয়েছেন এক বাবা ও তার স্বজনরা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এম এ রকিব, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

Location :

Sreemangal
সন্তানের ইচ্ছা পূরণ করতে গিয়ে মবের শিকার বাবা ও স্বজনরা
সন্তানের ইচ্ছা পূরণ করতে গিয়ে মবের শিকার বাবা ও স্বজনরা |নয়া দিগন্ত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অসুস্থ সন্তানের ইচ্ছা পূরণে গাড়িতে ঘুরে বেড়াতে গিয়ে অপহরণকারী সন্দেহে জনতার হাতে মারধরের শিকার হয়েছেন এক বাবা ও তার স্বজনরা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (৪ মার্চ) দিবাগত রাত সোয়া ১১টার দিকে শ্রীমঙ্গল শহরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সৌদি প্রবাসী মো: মিজান (৩৫) তার ছয় বছর বয়সী থ্যালাসেমিয়ায় আক্রান্ত সন্তানকে ঈদের কেনাকাটা করিয়ে দিতে শ্রীমঙ্গলে আসেন।

মিজানের সাথে তার স্ত্রী মেহেরিন জাহান শ্রাবন্তির (২৪) কিছুদিন আগে বিচ্ছেদ হয়। তবে সন্তানের কারণে তাদের মধ্যে যোগাযোগ ছিল। বর্তমানে শ্রাবন্তি শ্রীমঙ্গলে তার এক প্রবাসী ভাইয়ের স্ত্রীর সাথে বসবাস করছেন। তার বাবার বাড়ি একই জেলার নবীনগর উপজেলায়।

মিজান গত সপ্তাহেও শ্রীমঙ্গল এসে সন্তানকে পাঁচ হাজার টাকা দিয়ে যান, তখন। এবার তিনি তার ভাগনে সোহেলকে সাথে নিয়ে একটি প্রাইভেটকার নিয়ে শ্রীমঙ্গলে আসেন। সেখানে তিনি স্ত্রীর সাথে যোগাযোগ করে সন্তানকে নিয়ে শহরের একটি রেস্টুরেন্ট রাতের খাবার খান। পরে সন্তানের জন্য ঈদের কেনাকাটা করেন। এ সময় অসুস্থ শিশুটি বাবার সাথে গাড়িতে করে ঘুরতে যেতে চায়।

সন্তানের ইচ্ছা পূরণ করতে মিজান তাকে নিয়ে গাড়িতে ওঠেন। এ সময় স্ত্রী শ্রাবন্তি চিৎকার করে অভিযোগ করেন, তার সন্তানকে ছিনতাইকারীরা অপহরণ করে নিয়ে যাচ্ছে। এতে আশপাশের লোকজন গাড়িটির পিছু নেয়। নিরাপত্তার কথা ভেবে গাড়ি থেকে না নেমে চালক শহরের চৌমুহনা এলাকার দিকে এগিয়ে যান।

এদিকে মুহূর্তেই এলাকায় গুজব ছড়িয়ে পড়ে, একটি সাদা প্রাইভেটকারে করে এক শিশুকে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে। পরে উত্তেজিত জনতা গাড়িটি আটকিয়ে ভাঙচুর শুরু করে এবং গাড়িতে থাকা ব্যক্তিদের মারধর করে।

একপর্যায়ে মিজান তার সন্তানকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও গাড়িতে থাকা তার ভাগনে ও চালক পালাতে পারেননি। উত্তেজিত জনতা তাদের গাড়ি থেকে নামিয়ে গণপিটুনি দেয় এবং গাড়িটি ব্যাপকভাবে ভাঙচুর করে।

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুইজনকে উদ্ধার করে ও ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারটি থানায় নিয়ে যায়। পরে সন্তানের মা ও বাবাকে থানায় আনা হয়। তাদেরকে থানার হেফাজতে আনার পর জিজ্ঞাসাবাদে জানা যায়, ঘটনাটি অপহরণ বা ছিনতাইয়ের নয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জহিরুল ইসলাম মুন্না নয়া দিগন্তকে বলেন, ‘ডিভোর্স হওয়ার পরও তারা সন্তানের কারণে একসাথে রেস্টুরেন্টে খাবার খেতে এসেছিলেন। এরপর অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’