ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঐতিহ্যবাহী ভিমরুলি পেয়ারা বাজারে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) সকাল ৯টায় প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক এক ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ঝালকাঠি মানবকল্যাণ সোসাইটির আয়োজনে এবং জেলা তথ্য অফিসের সহযোগিতায় এ ডেঙ্গু সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক আবদুল জলিল।
বিশেষ অতিথি ছিলেন পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ মু’মেন, পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন, ঝালকাঠি জেলা তথ্য অফিসের তথ্য অফিসার লেলিন বালা, ঝালকাঠি মানবকল্যাণ সোসাইটির সভাপতি মো: উজ্জ্বল রহমানসহ আরো অনেকে।
এছাড়া ক্যাম্পেইনে ঝালকাঠি মানবকল্যাণ সোসাইটির নেতৃবৃন্দ, জেলা তথ্য অফিসের কর্মকর্তাবৃন্দ এবং বাজারের ব্যবসায়ী, নৌযান চালক, স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ঝালকাঠি মানবকল্যাণ সোসাইটির সভাপতি মো. উজ্জ্বল রহমান বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমিয়ে একটি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলা সম্ভব।’
প্রধান অতিথি তার বক্তব্যে ডেঙ্গুর বিস্তার রোধে বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেয়া এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ার বিষয়ে সচেতন করা হয়। বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে উল্লেখ করে বক্তারা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান।



